Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে গেরুয়া খোঁচা, তৃণমূলের পালটা ‘বাংলার ভোট রক্ষা’

‘বাংলার ভোট রক্ষা’—এই স্লোগানকে সামনে রেখে রাজ্যজুড়ে আম জনতার পাশে থাকার কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস।

এসআইআর আতঙ্কে মৃত্যু নিয়ে গেরুয়া খোঁচা,  তৃণমূলের পালটা ‘বাংলার ভোট রক্ষা’
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলার ভোট রক্ষা’—এই স্লোগানকে সামনে রেখে রাজ্যজুড়ে আম জনতার পাশে থাকার কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের ক্যাম্প বা শিবিরে থেকে সাধারণ মানুষকে এসআইআর প্রক্রিয়ায় সহযোগিতা করা হচ্ছে। দেশের যে ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এভাবে সর্বত্র ক্যাম্প করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। এটা অন্য কোথাও হয়নি বলে জোড়ফুল শিবিরের দাবি।

Advertisement

এসআইআর প্রক্রিয়া কার্যকর হওয়ার পর, ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন বা গণনা ফর্ম বিলি শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। তবে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একজনও প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। কিন্তু এসআইআর নিয়ে সাধারণ মানুষের ভয়-ভীতি-আতঙ্ক তৈরি হয়েছে, এমন ঘটনা সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক আত্মহত্যার খবরও এসেছে। এনিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। জলপাইগুড়ির কর্মসূচিতে গিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার কটাক্ষসহ দাবি করেছেন, তৃণমূল এখন এসআইআর জ্বরে ভুগছে! ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর আতঙ্কে মৃত্যু হলে তা সব জায়গাতেই হত। অন্য কোথাও এই কাণ্ড হচ্ছে না। তৃণমূল পালটা জবাব দিয়েছে, মৃত্যুর ঘটনা বেদনাদায়ক। যেসব পরিবারের সদস্য চলে যাচ্ছে, তাদের পাশে না দাঁড়িয়ে বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। 
এখানেই তৃণমূল তুলে ধরেছে সাধারণ মানুষের পাশে থাকতে ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূল বলছে, ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে। তার মধ্যে উত্তরপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যও রয়েছে। কিন্তু ওই রাজ্যগুলিতে সাধারণ মানুষের জন্য শাসক দল কোনও পদক্ষেপ করেনি। নাগরিকদের জন্য কোনও ক্যাম্প হয়নি। এখানেই ব্যতিক্রম তৃণমূল। বাংলার ভোটরক্ষা কর্মসূচির মাধ্যমে গণনা ফর্ম ফিলাপ এবং ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সহযোগিতা করা হয়েছে আম জনতাকে। সবার বাড়ির দোরগোড়ায় গিয়েও মানুষকে আশ্বস্ত এবং সহযোগিতা করছে তৃণমূল। রাজ্যজুড়ে যেভাবে ক্যাম্প চলছে, বাংলায় তার ধারেকাছে নেই বিরোধীরা। দলের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ১০০ শতাংশ গণনা ফর্ম ফিলাপ করাই আমাদের মূল লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ