Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর: হেনস্তার প্রতিবাদে বিডিওকে ঘিরে বিক্ষোভ জনতার, হাওড়া, দুই ২৪ পরগনায় অসন্তোষ

এসআইআর সংক্রান্ত শুনানি নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে রাজ্যের নানা প্রান্তে। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ভুক্তভোগী মানুষ।

এসআইআর: হেনস্তার প্রতিবাদে বিডিওকে ঘিরে বিক্ষোভ জনতার, হাওড়া, দুই ২৪ পরগনায় অসন্তোষ
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: এসআইআর সংক্রান্ত শুনানি নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে রাজ্যের নানা প্রান্তে। পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ভুক্তভোগী মানুষ। শুক্রবার হাওড়া, দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকায় চলে বিক্ষোভ।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বামুনের চক এলাকায় গ্রামবাসীরা জয়নগর জামতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। স্থানীয় গ্রামের ৫২০ জনকে হিয়ারিংয়ে ডাকার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হন। সাধারণ মানুষের হেনস্তার প্রতিবাদে বারুইপুর বিডিও অফিস অভিযান করে সিপিএম। ডায়মন্ডহারবারের কালীনগরে বিক্ষোভ দেখান কয়েকশো ভোটার। তাঁদের দাবি, ২০০২ সালের তালিকায় নাম ছিল। প্রয়োজনীয় নথিও দিয়েছেন। তবু শুনানিতে ডাকা হয়েছে। রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া, নোদাখালি থানার গজাপোয়ালির পঞ্চাননতলায় রাস্তা অবরোধ করা হয়।

উত্তর ২৪ পরগনার আমডাঙায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। এই ব্লকের তারাবেড়িয়া পঞ্চায়েত পদ্মলাভপুর গ্রামের একটি বুথে ৯০০ জন ভোটারের মধ্যে প্রায় সাড়ে সাতশো ভোটারকে ডাকা হয়েছে এসআইআরের শুনানিতে। তাঁরাই প্রতিবাদ শুরু করেন। ৪০ মিনিটের বেশি অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, দেগঙ্গায় টাকি রোডে অবস্থান বিক্ষোভ করেন সাধারণ মানুষ। সন্দেশখালিতে বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তাঁকে অফিসে ঢুকতে বাধা দেন। ব্লক অফিসের গেট আটকে দেওয়া হয়। সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের গাড়ি আটকে দেওয়া হয়। এসআইআর এর নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট না নেওয়ার কথা ঘোষণা হতেই ক্ষোভ দেখা দেয়। পাশাপাশি, কমিশনের বেশ কিছু নির্দেশিকার বিরুদ্ধেও প্রতিবাদ জানান মানুষ।

ভোটারদের হয়রানির অভিযোগে ডোমজুড়েও উত্তেজনা ছড়ায়। দুপুরে ডোমজুড় গড়বাগান মোড়ে ডোমজুড়-ধূলাগড় রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংখ্যালঘু ভোটারদের ডেকে বারবার কাগজপত্র চাইছে। দেড় ঘণ্টা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। হাওড়া ময়দানে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে নেতৃত্ব দেন মন্ত্রী অরূপ রায়। সিপিআইএমের পক্ষ থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি সিপিআইএম কর্মী-সমর্থকরা উলুবেড়িয়া উপর সংশোধনাগারের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচির জেরে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ