নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা এবং সংবাদদাতা, লালবাগ: ভোটার তালিকার নিবিড় সংশোধনীকে (এসআইআর) কেন্দ্র করে বুধবার সকালে দক্ষিণবঙ্গের দুই প্রান্ত ভাঙড় এবং মুর্শিদাবাদ থেকে দুটি মৃত্যুর খবর সামনে এসেছে। দুটি ক্ষেত্রেই পরিবারের লোকজনের অভিযোগ, এসআইআর আতঙ্ক গ্রাস করছিল তাঁদের প্রিয়জনকে। এমনকী ভিটেমাটি ছাড়ার আশঙ্কা লালন করে ক্রমেই হতাশগ্রস্ত হয়ে পড়ছিলেন তাঁরা। তারই জেরে ভাঙড়ের জয়পুরের ফুচকা বিক্রেতা শফিউল গাজি (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। মুর্শিদাবাদের হাজারদুয়ারির অস্থায়ী মালি পদে কর্মরত প্রৌঢ় জিতেন রায়ের (৫০) মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। তবে শফিউলের ক্ষেত্রে পাড়া-পড়শিদের দাবি, মিনাখাঁর বাসিন্দা শফিউল জয়পুরে ঘরজামাই হয়ে থাকছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া-ঝামেলা লেগেই থাকত। তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখছে। শফিউলের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। তাঁর কথায়, শফিকুল ঘরজামাই। তাঁর কোনও কাগজপত্র ছিল না। দু’তিনদিন ধরে হতাশা আর আতঙ্ক গ্রাস করছিল। তার জেরেই আত্মঘাতী হয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শফিউলের বাবার নাম রয়েছে ২০০২’এর ভোটার তালিকায়। কিন্তু তাঁর নিজের কোনও নথিপত্র ছিল না।



