Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৯৭২ সালে ভোটে লড়া প্রবীণ নাগরিককে তলব

১৯৭২ সাল থেকে ভোটার তালিকায় নাম আছে হুগলি জেলার প্রবীণ বাসিন্দা তথা আইনজীবী শৈলেন পর্বতের।

১৯৭২ সালে ভোটে লড়া প্রবীণ নাগরিককে তলব
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ১৯৭২ সাল থেকে ভোটার তালিকায় নাম আছে হুগলি জেলার প্রবীণ বাসিন্দা তথা আইনজীবী শৈলেন পর্বতের। হুগলির নাগরিক সংগঠন সিটিজেন্স ফোরামের সভাপতি শৈলেনবাবুর দাবি সদ্য প্রকাশিত খসড়া তালিকাতেও নাম রয়েছে তাঁর। তারপরেও তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। এসআইআরের শুনানিতে ওই প্রবীণ আইনজীবীর ডাক পাওয়ার ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে। ফের এসআইআরের প্রক্রিয়া নিয়ে সমালোচনার সুর চড়া হয়েছে। শ্রীরামপুর মহকুমার বাসিন্দা শৈলেনবাবুর আরও একটি পরিচয় আছে। তিনি অতীতের রাজনৈতিক কর্মী। ১৯৭২ সালে হাওড়ার শিবপুরে তিনি কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন। পরে অন্য একটি রাজনৈতিক দলের হয়ে দ্বিতীয়বার প্রার্থী হয়েছিলেন। যিনি অতীতে ভোটে লড়েছেন, তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় বিস্মিত প্রবীণ আইনজীবী। 

Advertisement

বৃহস্পতিবার তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজে আমি বিস্মিত। আমি যখন ভোটাধিকার পেয়েছি, তখন দেশের প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনার দু’জনেরই ভোটাধিকার তৈরি হয়নি। খসড়া তালিকাতেও আমার নাম ছিল। তারপরেই কমিশন শুনানিতে ডাকছে। একে নাগরিক হেনস্তা ছাড়া আর কিছু বলে না। এই বিষয়টি নিয়ে সরকারিভাবে হুগলি জেলা নির্বাচন কমিশন কোনও মন্তব্য করেনি। এক প্রশাসনিক কর্তা বলেন, প্রত্যেককেই শুনানির চিঠিতে বিএলও’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানেও জটিলতা মিটিয়ে নেওয়া যায়। শুনানিতে হাজিরা দিতে হলে অসুবিধা কোথায়? আর প্রবীণ মানুষদের জন্য পৃথক ব্যবস্থা তো করাই হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ