Bartaman Logo
১০ জুন, ২০২৬

বাংলায় এসআইআর হচ্ছে, ইঙ্গিত কমিশনের

বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। ‘ভোট চুরির’ অভিযোগ তুলে আজ থেকে সে রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

বাংলায় এসআইআর হচ্ছে, ইঙ্গিত কমিশনের
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। ‘ভোট চুরির’ অভিযোগ তুলে আজ থেকে সে রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে দিল্লিতে সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কার্যত স্পষ্ট করে দিলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন হচ্ছে। তবে তা কবে হবে, তা নিয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে।

Advertisement

এর আগে বিহারের সাসারামে ‘ভোটার অধিকার যাত্রা’র সূচনা করে নির্বাচন কমিশনকে একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এসআইআরকে বিহারের আসন্ন নির্বাচনে ‘ভোট চুরির কৌশল’ বলে অভিযোগ করেন তিনি। রাহুলের অভিযোগ, ‘দেশজুড়ে বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে। ওই একই উদ্দেশ্যে বিহারে এসআইআরের চক্রান্ত চলছে। কিন্তু ওদের আমরা এবার আর ভোট চুরি করতে দেব না। সেই জন্য আমরা সবাই আর এই মঞ্চে এসেছি।’ এর রেশ ধরে কমিশনকে তোপ দাগেন রাহুল। বলেন, ‘সারা দেশ জানে কমিশন কী করছে। আগে তা মানুষ জানত না। কিন্তু এখন আমরা তা সবার সামনে তুলে ধরেছি। ভোট কীভাবে চুরি হয়েছে, তা আগেই সাংবাদিক বৈঠক করে দেখিয়ে দিয়েছি।’
এর কয়েক ঘণ্টা পরে সদলবলে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিরোধীদের তোলা পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ করে দেন তিনি। একইসঙ্গে অভিযোগ করেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্ঞানেশ কুমার বলেন, ‘পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে কখন এসআইআর হবে, সেই বিষয়ে কমিশনের সদস্যরা মিলে পরে সিদ্ধান্ত নেবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ