Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তুরুপের তাস এসআইআর, নাগরিকত্বের ফর্ম বিলি বিজেপির

কয়েক দিন আগে বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছিলেন, বিজেপির ললিপপ হবেন না।

তুরুপের তাস এসআইআর, নাগরিকত্বের ফর্ম বিলি বিজেপির
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কয়েক দিন আগে বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছিলেন, বিজেপির ললিপপ হবেন না। এসআইআর এর নামে ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এই পরিস্থিতিতে এসআইআরকে তুরুপের তাস করে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছে বিজেপি। বাড়ি বাড়ি তারা ফর্ম নিয়ে হাজির হয়ে যাচ্ছে। তথ্য সংগ্রহ করতে তারা আধার কার্ডের জেরক্স কপি নিয়ে রাখছে। ফর্মে নিজের নাম, আধার নম্বর, জন্মস্থান উল্লেখ করতে হচ্ছে। বাংলাদেশের কোন এলাকা থেকে তাঁরা এসেছেন, সেটাও সেখানে লিখতে হচ্ছে। তৃণমূলের দাবি, এটাও বিজেপির জুমলা ছাড়া আর কিছুই নয়। তারা মিথ্য প্রতিশ্রুতি দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পাল্লা, মেমারি, জৌগ্রামসহ বিভিন্ন এলাকায় ফর্ম দেওয়া হচ্ছে। বিজেপির নেতা এবং কর্মীরাই সেই ফর্ম বিলি করছে। তারা তা পূরণ করিয়ে নিজের কাছে রাখছে। কয়েক দিন ধরেই এই কাজ শুরু করেছে। লোকসভা নির্বাচনের আগেও নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি এখনও কাউকে নাগরিকত্ব পাইয়ে দিতে পারেনি। 
মেমারির এক বাসিন্দা বলেন, আধার, ভোটার কার্ড দেখার পর বিজেপি নেতারাই ফর্ম ফিলাপ করে দিচ্ছে। বলা হচ্ছে, যাঁরা ফর্ম ফিলাপ করছে, এসআইআর হলে তাঁদের নাম বাদ যাবে না। স্থায়ীভাবে এদেশের নাগরিকত্ব পাওয়া যাবে। অনেকে বিজেপি নেতাদের ফিরিয়ে দিচ্ছে। কেউ কেউ আবার ফর্ম ফিলাপ করে জমা দিচ্ছে। ব্যক্তিগত যাবতীয় তথ্য বিজেপি নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাতে উল্টো ফল হতে পারে। বিজেপি নেতারা ফর্মে সই করিয়ে নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, মতুয়া সম্প্রদায়ের লোকজনদের তাঁরা ফর্ম ফিলাপ করাচ্ছে। এসআইয়ের বিষয়টি নিয়ে প্রচার করায় অনেকে ভয় পেয়ে ফর্ম ফিলাপ করছে। 
এই নিয়ে তৃণমূল নেতা মেহেমুদ খান বলেন, এটাও বিজেপির আর একটা নতুন জুমলা। ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে মগজ ধোলাই করেছিল। লাভ হয়নি। এবারও হবে না। মুখ্যমন্ত্রী রাজ্যের বাসিন্দাদের যেখানে সেখানে সই না করার পরামর্শ দিয়েছেন। সবার কাছে অনুরোধ করব, সেটা মেনে চলার। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, নির্বাচন কমিশন এসআইআরের নামে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে। আর বিজেপি নাগরিকত্বর টোপ দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। দু’টি চেষ্টাই ব্যর্থ হবে। 
সিপিএম নেতা হারাধন ঘোষ বলেন, বিজেপির সবটাই ভাঁওতাবাজি। ওরা যত এসব করবে, তত মানুষের মন থেকে দূরে সরে যাবে। ভাঁওতাবাজি দিয়ে বড় কিছু করা যায় না। বিজেপি নেত্রী টুম্পা চট্টোপাধ্যায় বলেন, ফর্ম ফিলাপ করে এলাকার বাসিন্দাদের বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। সেটা থাকলে তাঁদের নাগরিকত্ব পেতে সুবিধা হবে। কয়েক দিন পর থেকে এই কাজে জোর দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ