নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসব পর্ব মিটলেই এসআইআর কেন্দ্রিক লাগাতার আন্দোলনে নামছে তৃণমূল। দলের অভ্যন্তরে আলোচনা হয়েছে কোথায় এবং কীভাবে আন্দোলন চলবে। নভেম্বরের গোড়াতেই কলকাতায় বড়োসড়ো সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ মিনার ময়দানে একটি সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কলকাতার অন্য প্রান্তেও সমাবেশের সম্ভাবনা। এছাড়া জেলায় জেলায় পথসভা, সমাবেশ, মিছিল হবে। দলীয় সূত্রে খবর, কর্মসূচি নিয়ে শীর্ষ নেতৃত্ব আলোচনা করছেন। মতুয়া অধ্যুষিত এলাকা এবং সীমান্তবর্তী অঞ্চলে কর্মসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে। দলের শাখা সংগঠনগুলিও কর্মসূচি করবে। তৃণমূলের তরফে আগেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, বাংলার একজনও প্রকৃত ভোটারের নাম যেন বাদ না-যায়। নির্বাচন কমিশন যেন বিজেপির কথামতো না চলে।এসআইআর নিয়ে কিছুদিন ধরেই তপ্ত বাংলার রাজনৈতিক মহল। শীঘ্রই তা কার্যকর হতে চলেছে। এনিয়ে কমিশনের তৎপরতা তুঙ্গে।



