Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ট্রফির হ্যাটট্রিকে চোখ সিনারের

রাত পোহালেই শুরু মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা। ইতিমধ্যেই মেলবোর্নে হাজির হয়েছেন তারকা টেনিস খেলোয়াড়রা। চলছে চূড়ান্ত প্রস্তুতি।

ট্রফির হ্যাটট্রিকে চোখ সিনারের
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

মেলবোর্ন: রাত পোহালেই শুরু মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস প্রতিযোগিতা। ইতিমধ্যেই মেলবোর্নে হাজির হয়েছেন তারকা টেনিস খেলোয়াড়রা। চলছে চূড়ান্ত প্রস্তুতি। রজার ফেডেরার ও রাফায়েল নাদাল উত্তর যুগে পুরুষদের সিঙ্গলসে টিআরপি ধরে রাখার ব্যাটন এখন জানিক সিনার ও কার্লোস আলকারাজের হাতে। ৩৮ বছর বয়সে খেলা চালিয়ে গেলেও ধার কমেছে নোভাক জকোভিচের র‌্যাকেটে। তবুও ক্যামেরার ফোকাস থাকবে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকার উপর। মেলবোর্নে তিনি নামছেন২৫তম মেজর খেতাবের লক্ষ্যে। মহিলাদের সিঙ্গলেস ইগা সুইয়াটেক ও কোকো গফকে নিয়ে ইতিমধ্যেই বাজি ধরা শুরু করেছেন অনুরাগীরা। সঙ্গে আলোচনায় রয়েছেন ভেনাস উইলিয়ামস। দ্বিতীয় বিয়ের পর ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি নিয়ে প্রতিযোগিতায় নামবেন তিনি। শুক্রবার ছিল প্রি-টুর্নামেন্ট সাংবাদিক সম্মেলন। সেখানে পুরস্কার মূল্য বৃদ্ধিকে ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছেন খেলোয়াড়রা।

Advertisement

জানিক সিনার মাইকের সামনে এসে দাঁড়াতেই গোটা হলঘর ফেটে পড়ে করতালিতে। হওয়ারই কথা। কারণ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হ্যাটট্রিক গড়ার লক্ষ্যে মেলবোর্নে পা রেখেছেন ইতালিয়ান তরুণ। ২০২৪ ও ২০২৫, পরপর দু’বছর রড লেভার এরিনায় শেষ হাসি হেসেছেন তিনি। এবারও অভিযান শুরু করছেন খেতাবের অন্যতম দাবিদার হিসেবে। দ্বিতীয় বাছাই সিনার বলেন, ‘লড়াই খুব সহজ হবে না। তবে সেরাটা উজাড় করে দেব। পাঁচ সেটের ম্যাচে তিনটিতে নিজের প্রাধান্য বজায় রাখার চেষ্টা করব।’ গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও উইম্বলডন ট্রফি উঠেছে তাঁর হাতে। সবমিলিয়ে ঝুলিতে এখন চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। তবে সিনারকে সহজে পথ ছাড়বেন না কার্লোস আলকারাজ। ২০২৫ সালে তিনিও জিতেছেন দু’টি গ্র্যান্ড স্ল্যাম— ফরাসি ওপেন ও ইউএস ওপেন। মোট গ্র্যান্ড স্ল্যামের নিরিখেও সিনারের চেয়ে এগিয়ে স্প্যানিশ তারকা (৬)। দু’বার করে জিতেছেন ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। নেই শুধু অস্ট্রেলিয়ান ওপেনটাই। গত দু’বছরই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন আলকারাজ। এবার সেই খরা কাটাতে বদ্ধপরিকর শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা। সাংবাদিক সম্মেলনে আলকারাজ বলেন, ‘শেষ দু’বার এখানে সুবিধা করতে পারিনি। তবে এবার ভুলের পুরনরাবৃত্তি করতে নারাজ। অস্ট্রেলিয়ান ওপেনের স্বাদ পেতে উন্মুখ আমি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ