সাংহাই: জয় দিয়ে চায়না ওপেনে অভিযান শুরু করলেন পিভি সিন্ধু এবং সাত্ত্বিক-চিরাগ জুটি। বুধবার প্রথম রাউন্ডের ম্যাচে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের তোমোকা মিয়াজাকি। তিন গেমের লড়াইয়ে জয়ের হাসি নিয়ে কোর্ট ছাড়েন ওলিম্পিকসে জোড়া পদক জয়ী ভারতীয় তারকা। ৬২ মিনিটের লড়াইয়ে তাঁর পক্ষে ফল ২১-১৫, ৮-২১, ২১-১৭। পরের রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ দেশেরই উন্নতি হুদা। এদিন জয়ের পর সিন্ধু বলেন, ‘প্রথম ম্যাচে জেতাটা খুবই দরকার ছিল। চলতি মরশুমে বহু টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছি। এই জয় আত্মবিশ্বাস বাড়াবে। আর তা কাজে লাগিয়ে ট্রফি নিশ্চিত করাই লক্ষ্য।’



