Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া সিনার-আলকারাজ, ফ্ল্যাশিং মিডোয় তারুণ্যের মহারণ, দৌড় থামল জোকারের

ম্যাকেনরো-কোনর্স, বর্গ-লেভার, সাম্প্রাস-আগাসি, ফেডেরার-নাদাল কিংবা নাদাল-জকোভিচ। পুরুষদের টেনিসকে সমৃদ্ধ করেছে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বিতা।

শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া সিনার-আলকারাজ, ফ্ল্যাশিং মিডোয় তারুণ্যের মহারণ, দৌড় থামল জোকারের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ম্যাকেনরো-কোনর্স, বর্গ-লেভার, সাম্প্রাস-আগাসি, ফেডেরার-নাদাল কিংবা নাদাল-জকোভিচ। পুরুষদের টেনিসকে সমৃদ্ধ করেছে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বিতা। হালফিল সেই তালিকায় জায়গা করে নিয়েছেন জানিক সিনার ও কার্লোস আলকারাজ। ধারাবাহিকতা বজায় রেখে ইউএস ওপেনেও খেতাবি লড়াইয়ে মুখোমুখি দুই শীর্ষ বাছাই। এই নিয়ে চলতি বছরে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন তাঁরা।

Advertisement

শুক্রবার প্রথম সেমি-ফাইনালে নোভাক জকোভিচকে ছিটকে দিয়ে মধুর প্রতিশোধ নিলেন আলকারাজ। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ স্ট্রেট সেটে হারালেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা। অপর ম্যাচে চার সেটের লড়াইয়ে সিনার বশ মানালেন কানাডার ফেলিক্স আগার আলিয়াসিমেকে। শীর্ষ বাছাই ইতালিয়ান জিতলেন ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪। উল্লেখ্য, রড লেভার, রজার ফেডেরার ও জোকারের পর বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার কৃতিত্ব দেখালেন সিনার। এর মধ্যে দু’টি শিরোপা ঘরে তুলেছেন তিনি (অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন)। একই সঙ্গে  টানা পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের খেতাবি লড়াইয়ে নামার নজিরও গড়লেন তিনি।
২০২২ সালে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রথমবার মুখোমুখি হন সিনার ও আলকারাজ। সেই পাঁচ সেটের লড়াই বিশ্ব টেনিসকে উপহার দিয়েছিল নতুন দুই তারকা। তারপর ১৪ বার একে অপরের বিরুদ্ধে খেলেছেন সিনার ও আলকারাজ। হেড-টু-হেডে আপাতত এগিয়ে স্প্যানিয়ার্ড। ৯টি ম্যাচ পকেটে পুরেছেন তিনি। আর সিনার জিতেছেন পাঁচটিতে। চলতি বছর তাঁদের গ্র্যান্ড স্ল্যাম সাক্ষাৎকারের ফল ১-১। ফরাসি ওপেনে বাজিমাত করেছিলেন আলকারাজ। তবে উইম্বলডনে সেই হারের বদলা নিয়ে শেষ হাসি হাসেন ইতালিয়ান তারকা। বছরের শেষ মেজর টুর্নামেন্টে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক্ষায় টেনিস অনুরাগীরা। শিরোপা জয়ের উপর নির্ভর করবে র‌্যাঙ্কিংয়ের মসনদও। এই মুহূর্তে ১১৮৮০ পয়েন্ট নিয়ে মগডালে সিনার। দ্বিতীয় স্থানে থাকা আলকারাজের সংগ্রহ ৯৫৯০ পয়েন্ট। দুই তারকার মধ্যে ১৮৯০ পয়েন্টের ফারাক। ইতালিয়ান তরুণ হারলে খোয়াবেন ৮০০ পয়েন্ট। অন্যদিকে ফাইনালে জিতলে বোনাস নিয়ে স্প্যানিশ তারকার সংগ্রহ দাঁড়াবে ১১৫৪৫ পয়েন্ট। সেক্ষেত্রে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বরের পর ফের শীর্ষে উঠে আসবেন আলকারাজ। চলতি মরশুমে দুরন্ত ছন্দেও রয়েছেন তিনি। চলতি আসরে স্প্যানিশ তারকা সব ম্যাচই জিতেছেন স্ট্রেট সেটে।
শেষ চারে ৩৮ বছরের জকোভিচকে বশ মানাতে খুব একটা বেগ পেতে হয়নি আলকারাজকে। তাঁর আগ্রাসী মেজাজের সামনে চুরমার সার্বিয়ান তারকার ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন। বয়স যে তাঁর ফর্মে থাবা বসিয়েছে ম্যাচ শেষে তা মেনেও নিয়েছেন তিনি। জোকার বলেন, ‘পাঁচ সেটের ম্যাচে এখন আর কার্লোস বা সিনারের বিরুদ্ধে জেতা সম্ভব নয়। তিন সেটের পর আর দম থাকছে না।’ অবশ্য অকপট স্বীকারোক্তির পরেও তিনি জানিয়ে দেন, এখনই অবসরের ভাবনা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ