সংবাদদাতা, শিলিগুড়ি: আজ, রবিবার মহিলা বিশ্বকাপ ক্রিকেটের মহারণ। ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। দেশকে জেতানোর ক্ষেত্রে শিলিগুড়ির মেয়ে কার্যকরী ভূমিকা নিতে পারে কি না, এই চর্চায় শনিবার সরগরম ছিল শিলিগুড়ি। জায়ান্ট স্ক্রিনের সামনে শহরের ৯০ জন মহিলা ক্রিকেটার রিচার সাফল্যের জন্য গলা ফাটাবেন রবিবার।
সর্বত্রই আলোচনা, ঘরের মেয়ে রিচা ঘোষের ব্যাট থেকে বড় ইনিংস আসবে। এবার বিশ্বকাপে গ্রুপ লিগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে ভারত নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিল। সেই পরিস্থিতিতে আট নম্বরে ব্যাট করতে নেমে রিচার অনবদ্য ৯৪ রান ভারতকে জয়ের জায়গায় পৌঁছে দেয়। তারপর সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ বলে ২৬ রান করে রিচা নিজের জাত চিনিয়ে দিয়েছেন। বিচার ধারাবাহিক এই পারফরম্যান্সের ভিত্তিতেই ফাইনালে তাঁর বড় রান পাওয়ার ব্যাপারে আশাবাদী শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা।
শহরের মেয়র গৌতম দেব এদিন বলেন, এই ম্যাচ সকলে মিলে উপভোগ করার জন্য আমরা বাঘাযতীন পার্কে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করেছি। বাঘাযতীন পার্কে জায়ান্ট স্ক্রিনের সামনে বসে ভারতের চ্যাম্পিয়ন হওয়া এবং ঘরের মেয়ে রিচার অনবদ্য ব্যাটিং দেখার আশায় রয়েছি আমরা। আশা করব শহরের আপামর জনসাধারণ ফাইনালে বাঘাযতীন পার্কে এসে জায়ান্ট স্কিনের সামনের ইতিহাসের সাক্ষী হতে চাইবেন। সকলে ঘরের মেয়েকে উৎসাহিত করবে। ভারত চ্যাম্পিয়ন হবে।
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদও ভারতের জয় এবং রিচার সাফল্যের দিকে তাকিয়ে রয়েছে। রিচার হয়ে গলা ফাটাবে শিলিগুড়ি শহরের ৯০ জন মহিলা ক্রিকেটার। এদিন ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব ভাস্কর দত্ত মজুমদার বলেন, আমাদের মহিলা ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিচা। ৫ নভেম্বর থেকে ক্রীড়া পরিষদের চার দলের মহিলা ক্রিকেট লিগ শুরু হতে যাচ্ছে। সেই চার দলের মোট ৯০ জন ক্রিকেটার জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখবেন। রিচার হয়ে গলা ফাটাবে। আমরা চাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘরের মেয়ে রিচা ভারতকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা নিক।