Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ছ’বছর পর জঙ্গলের পথে ফের চালু শিলিগুড়ি-গয়াবাড়ি টয়ট্রেন

ছ’বছর বন্ধ থাকার পর ফের শুরু হল শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি পর্যন্ত টয়ট্রেন পরিষেবা। এর নাম দেওয়া হয়েছে ‘জঙ্গল সাফারি’।

ছ’বছর পর জঙ্গলের পথে ফের চালু শিলিগুড়ি-গয়াবাড়ি টয়ট্রেন
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছ’বছর বন্ধ থাকার পর ফের শুরু হল শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি পর্যন্ত টয়ট্রেন পরিষেবা। এর নাম দেওয়া হয়েছে ‘জঙ্গল সাফারি’। মহানন্দা অভয়ারণ্যের ভিতর দিয়ে চলবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) টয়ট্রেন। ডিএইচআর কর্তৃপক্ষের দাবি, জঙ্গল পথে টয়ট্রেনে এই নতুন অভিজ্ঞতা পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করবে। পিপিপি মডেলে এই পরিষেবা রবিবার থেকেই শুরু করল ডিএইচআর কর্তৃপক্ষ। 

Advertisement

ডিএইচআর জানিয়েছে, সপ্তাহে দু’দিন এই ট্রেন সকাল ১০টায় শিলিগুড়ি জংশন স্টেশন থেকে চালু হবে। সপ্তাহের শনিবার ও রবিবার ওই ট্রেন চলবে। সুকনা, রংটং, তিনধারিয়া হয়ে কার্শিয়াংয়ের গয়াবাড়িতে যাত্রা শেষ হবে। ওই রুটে দার্জিলিং জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান স্মৃতিবন পার্ক রয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে সেখানেও একটি স্টপ দেওয়া হয়েছে। ডিএইচআর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ট্রেনের তিনটি কামরা থাকবে। পিপিপি মডেলে এই নতুন পরিষেবা চালু হওয়ায় ওই তিনটি কামরার মধ্যে দু’টি কামরা থাকবে বেসরকারি সংস্থার জন্য। বাকি একটি কামরাকে সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে। রবিবার এই পরিষেবার উদ্বোধন হলেও আগামী ১৭ জানুয়ারি থেকে এই টয়ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে চালু করা হবে। শিলিগুড়ি জংশন থেকে গয়াবড়ি পর্যন্ত এই ট্রেনের যাত্রার জন্য যাত্রীদের ৫০০ টাকা করে খরচ করতে হবে। কর্তৃপক্ষের আরও দাবি, এই পরিষেবা চালু হওয়াতে পিকনিকের চলতি মরশুমে আরও বেশি সুবিধা হবে উৎসাহীদের। পাশাপাশি এই ট্রেনে গয়াবাড়ি যাওয়া ও সেখান থেকে ফেরত আসার মধ্যে দু’ঘণ্টার ব্যবধান থাকবে। কাজেই কেউ পরিবার নিয়ে পিকনিক করে সেই ট্রেনে ফিরে আসতে চাইলে তাও সম্ভব হবে। এদিন পরিষেবা শুরুর বিষয়ে ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, প্রায় ছ’বছর বন্ধ থাকার পর এই পরিষেবা আমরা ফের পর্যটকদের জন্য শুরু করলাম। পিপিপি মডেলে এই পরিষেবা চালু করা হল। আশা করছি, পর্যটকরা এই পরিষেবা পেয়ে খুশি হবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ