Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাত ঘণ্টায় ৬ বার কাঁপল সিকিম, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কম্পন

সাত ঘণ্টায় ৬ বার কাঁপল সিকিম। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, কালিম্পং পাহাড়ের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়িতেও

সাত ঘণ্টায় ৬ বার কাঁপল সিকিম, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কম্পন
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাত ঘণ্টায় ৬ বার কাঁপল সিকিম। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, কালিম্পং পাহাড়ের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়িতেও। যদিও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা খুব বেশি না থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৪ মিনিটে প্রথম ভূকম্পন হয় সিকিমে। উৎসস্থল ছিল পশ্চিম সিকিমের গ্যালসিং। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬। এরপর থেকে এদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিট পর্যন্ত মোট ৬ বার ভূকম্পন হয়েছে সিকিমের বিভিন্ন প্রান্তে। 

Advertisement

গত ৫ ফেব্রুয়ারি মাত্র চার ঘণ্টায় ১২ বার কেঁপেছিল সিকিম। সেক্ষেত্রেও বেশিরভার কম্পনের উৎসস্থল ছিল গ্যালসিং। ওই ঘটনার পরদিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ফের এক ঘণ্টায় সিকিমে তিনবার কম্পন হয়। তিন সপ্তাহের মধ্যে ফের সিকিমে পরপর ভূকম্পন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। টেলিফোনে যোগাযোগ করা হলে সিকিমের আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, এদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিট পর্যন্ত সিকিমে ছ’বার ভূমিকম্প রেকর্ড হয়েছে। কয়েক সপ্তাহ আগেও কয়েক ঘণ্টার মধ্যে এরকম অনেকবার কম্পন হয়। তবে একই জায়গায় কম সময়ের ব্যবধানে এতবার ভূমিকম্পের কারণ কী, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের প্রাক্তন বিভাগীয় প্রধান সুবীর সরকারের দাবি, এটি মাইক্রো সিসমিক অ্যাক্টিভিটি। যতক্ষণ না ভূ-তাত্ত্বিক প্লেটের অ্যাডজাস্টমেন্ট ঠিকমতো হবে, ততক্ষণ এটা চলতেই থাকবে। সিকিমের গ্যালসিং, মঙ্গন এলাকায় অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। যদিও এতবার কম্পন ঘিরে সাধারণ মানুষের মধ্যে দানা বেঁধেছে আতঙ্ক। এটা বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস কি না তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এদিন প্রথম কম্পনের উৎসস্থল গ্যালসিংয়ে হলেও দ্বিতীয়বার ১২টা ১৭ মিনিটে যে ভূমিকম্প হয়, সেটির উৎসস্থল ছিল মঙ্গনে। মাত্রা ছিল ৩.৫। দ্বিতীয় কম্পনের কিছুক্ষণের মধ্যে বেলা ১২টা ৩৯ মিনিটে তৃতীয়বার কেঁপে ওঠে সিকিম। এক্ষেত্রে ভূমিকম্পের উৎসস্থল ফের গ্যালসিং। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। চতুর্থবার ভূকম্পন হয় দুপুর ১টা ১২ মিনিটে। উৎসস্থল মঙ্গন। মাত্রা ছিল ৩.৭। এরপর বিকেল ৫টা ২২ মিনিটে ফের কেঁপে ওঠে সিকিম। এক্ষেত্রে আবারো কম্পনের উৎসস্থল সেই গ্যালসিং। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৮। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে দিনের ষষ্ঠবার কম্পন অনুভূত হয় সিকিমে। এর উৎসস্থল ছিল নামচি। মাত্রা ছিল ২.৩। 

Advertisement
সম্পর্কিত সংবাদ