নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার চেয়ে তাপমাত্রার পার্থক্য অনেকটাই। নভেম্বরের শেষে সিকিমে বেশ ঠান্ডা। তার উপর ম্যাচ খেলতে হবে কৃত্রিম ঘাসের মাঠে। প্রতিকূল পরিবেশে মঙ্গলবার সিকিম গভর্নর্স গোল্ড কাপে সরাসরি কোয়ার্টার-ফাইনালে নামছে ইস্ট বেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ সার্ভিসেস। দুরন্ত ফিটনেস ও গড় উচ্চতা তাদের সম্পদ। তাই ইস্ট বেঙ্গলের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। সিনিয়র দল সুপার কাপের প্রস্তুতিতে ব্যস্ত। তাই সিকিম গোল্ড কাপ সায়ন, জেসিন, গৌরবদের লিটমাস টেস্ট। বিশেষ করে অনেকই মনে করেন, স্ট্রাইকার জেসিনের সিনিয়র দলে সুযোগ পাওয়া উচিত। কেরালাইট ফুটবলারও নিজেকে প্রমাণে মরিয়া। তবে এই টুর্নামেন্টে নাসিব, আমন ও আজাদকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল। তবুও কোচ বিনো জর্জ দল নিয়ে বেশ আশাবাদী। সিকিমের পালজোড় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল সাড়ে চারটেয়। এদিকে, অনূর্ধ্ব ১৮ এলিট লিগে বড় জয় পেল ইস্ট বেঙ্গলের যুব দল। এদিন ৫-০ গোলে তারা হারায় কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট অ্যাকাডেমিকে।



