সিগন্যাল লাল, কাজ করছে না জরুরি ব্রেক! ভিডিয়ো ঘিরে ব্যাপক চাঞ্চল্য
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: সামনে লাল সিগন্যাল। কাজ করছে না ট্রেনের ইমার্জেন্সি ব্রেক। চালক নানাভাবে চেষ্টা করছেন। কিছুতেই গতি কমছে না ট্রেনের। আচমকা বিকট শব্দ। কোথাও একটা ধাক্কা মারল ইঞ্জিন। নিমেষে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকালে অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা সম্ভবত সহকারী চালকের বডিক্যামে রেকর্ড হয়েছে। 

Advertisement

দুর্ঘটনা বলে কয়ে আসে না। এক্ষেত্রেও আগাম আভাস ছিল না। ভিডিয়ো দেখলে সহজেই বোঝা যায় শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন চালক। যতটা সম্ভব কমিয়েছেন ট্রেনের গতি। তাতে বড়ো বিপদ এড়ানো গিয়েছে। ইঞ্জিনের কেবিনে রেকর্ড হওয়া প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োয় চালককে বলতে শোনা যাচ্ছে, ‘বিপি প্রেসার কম হচ্ছে না।’ এর পরেই তিনি বলেন, ‘সিগন্যাল লাল। ইমার্জেন্সি ব্রেক লাগানো হয়েছে, কিন্তু কাজ করছে না। কিছুই কাজ করছে না।’ ভিডিয়োয় চালককে বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে ট্রেন থামানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটি সামনে থাকা কোনো বাফারে ধাক্কা মারে। তীব্র শব্দের সঙ্গে কেবিনের কাউন্টারে রাখা একটি কাচের বোতলও নীচে পড়ে যায়। রেল সূত্রে জানানো হয়েছে, বুধবার সকালে জনশতাব্দী এক্সপ্রেসকে পাস দেওয়ার জন্য, ট্রেনটিকে দিগারু রেলওয়ে স্টেশনে থামানোর কথা ছিল। কোনো কারণে তা সময় মতো থামতে পারেনি। দুর্ঘটনা পরবর্তী ছবিতেও দেখা গিয়েছে ট্রেনটি লুপ লাইনে না থেমে সামনে এগিয়ে গিয়েছে। ট্রেনের ধাক্কায় লুপ লাইনে থাকা বাফার ভেঙে যায়। তাতেই বিকট শব্দ হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। রেলের প্রাথমিক বক্তব্য, চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। তবে চালকের কেবিনের ভিডিয়ো ঘিরে ট্রেনটির ব্রেক ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।