Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণার ১লক্ষ ২৫ হাজার টাকা ফেরাল কাঁথি থানার পুলিস

সাইবার প্রতারণার ১লক্ষ ২৫ হাজার টাকা ফেরাল কাঁথি থানার পুলিস
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: সাইবার প্রতারণার শিকার এক ব্যক্তির ১লক্ষ ২৪হাজার ৯৯৯টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল কাঁথি থানার পুলিস। বৃহস্পতিবার বিকেলে থানায় পুলিসের তরফে ওই টাকার চেক প্রতারিত ব্যক্তির শ্যালক সৌমেন সাহুর হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আইসি প্রদীপকুমার দাঁ সহ অন্যান্য পুলিস আধিকারিকরা। 
Advertisement
জানা গিয়েছে, মারিশদার বাসিন্দা গৌতমকুমার সাহু কর্মসূত্রে আমেরিকায় থাকেন। কলকাতায় একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। বেশ কিছুদিন আগে তাঁর ফোনে একটি ওটিপি আসে। তিনি তা শেয়ার করেন। এরপর গৌতমবাবুর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ২লক্ষ ৭৪হাজার ৯৯৯টাকা কেটে যায়। পরবর্তীকালে গৌতবাবু বুঝতে পারেন, তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। সেই সময় তিনি মারিশদা এলাকায় নিজের বাড়ি এসেছিলেন। পরবর্তীকালে গৌতমবাবুর হয়ে শ্যালক মারিশদারই বাসিন্দা সৌমেন সাহু কাঁথি থানায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, ওই টাকা ব্যবহার করে দামি ফোন কেনার জন্য একটি কোম্পানিকে অর্ডার দেওয়া হয়েছে। এরপর পুলিস সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। তারা ফোনটি গ্রাহককে ডেলিভারি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পুলিস ওই টাকা পেমেন্ট হওয়ার আগেই মাঝপথে ফেরত আনার ব্যবস্থা করে। তারপর ১লক্ষ ২৪হাজার ৯৯৯ টাকা উদ্ধার করা হয়। নানা আইনি প্রক্রিয়া শেষে ওই টাকার চেক প্রতারিত ব্যক্তির আত্মীয়ের হাতে তুলে দেওয়া হল বলে সাইবার ক্রাইম বিভাগের অফিসার প্রসেনজিৎ গোস্বামী জানান। তিনি জানান, বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
 
সম্পর্কিত সংবাদ