Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘লাপাতা ধনকার’, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্ধান চাইলেন সিবাল

প্রাক্তন উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার কথা সকলের জানা উচিত।

‘লাপাতা ধনকার’, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সন্ধান চাইলেন সিবাল
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নয়াদিল্লি: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার কোথায়? কেন তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না? তিনি সুস্থ আছেন তো? ধনকারের বর্তমান অবস্থা নিয়ে শনিবার একাধিক প্রশ্ন তুললেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ধনকারের পরিবারের সদস্য, বন্ধুরা কেন চুপ করে রয়েছেন? সমস্যা কোথায়? আমরা এমন গোপনীয়তা অন্য দেশে দেখেছি। কিন্তু ভারত গণতান্ত্রিক দেশ। প্রাক্তন উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার কথা সকলের জানা উচিত। সিবাল বলেন, ‘আমি খুবই উদ্বিগ্ন। বিষয়টা একেবারেই ভালো লাগছে না। আমরা লাপাতা লেডিজ সিনেমার কথা শুনেছি, কিন্তু লাপাতা উপরাষ্ট্রপতির কথা আগে কোনওদিন শুনিনি।’ তাঁর মতে, উপরাষ্ট্রপতি থাকাকালীন ধনকার সবসময় কেন্দ্রকে সমর্থন করেছেন, কিন্তু এখন মনে হচ্ছে বিরোধীদেরই ওঁকে রক্ষা করতে হবে।

Advertisement

গত ২১ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিন সকলকে চমকে দিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ধনকার। তিনি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার জন্যই তিনি পদত্যাগ করছেন। যদিও ইস্তফার কারণ হিসেবে একাধিক সম্ভাবনার কথা উঠে এসেছিল। কেন্দ্রীয় সরকারের চাপেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছিল বিরোধীরা। কিন্তু কারণ যাই হোক, ইস্তফা দেওয়ার পর থেকেই ধনকারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এদিন সিবাল বলেছেন, ‘গত ২২ জুলাই ধনকারের পদত্যাগপত্র গৃহীত হয়। আর আজ ৯ আগস্ট। এতদিনের মধ্যে আমরা জানতে পারিনি উনি কোথায় আছেন। সরকারি বাসভবনেও উনি থাকছেন না। প্রথম দিন আমি ওঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। ওঁর ব্যক্তিগত সচিব জানান, উনি বিশ্রাম নিচ্ছেন। পরে আরও কয়েকজন সাংসদও ধনকারের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও সফল হননি।
ধনকার ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও টার্গেট করেছেন সিবাল। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ধনকার কি নিরাপদে রয়েছেন? অমিত শাহ নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে অবহিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনার কাছে ক্ষমতা রয়েছে, আপনি বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারেন। আর উনি, আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন, তাই আপনার সবটা জানা উচিত। তাই দয়া করে ওঁর বিষয়ে বিবৃতি দিন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ