পারথ: বিরাট কোহলি ও রোহিত শর্মার কামব্যাক নিয়ে আলোড়িত ছিল ক্রিকেটমহল। কিন্তু চরম ব্যর্থ দু’জনেই। বিশেষ করে দুই মহারথীর আউট হওয়ার ধরন নিয়ে চলছে আলোচনা। অতীতেও বল নড়লে তাঁদের সীমাবদ্ধতা প্রকট হয়ে উঠত। রবিবার অপ্টাস স্টেডিয়ামে তারই পুনরাবৃত্তি হয়েছে। এটাই মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। আর তাই নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। শুধু সমর্থকরাই নন, প্রাক্তন ক্রিকেটাররাও বিরক্ত।
অস্ট্রেলিয়ার মাটিতেই জীবনের শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন দুই কিংবদন্তি। সেখানে অফসাইডে পাতা ফাঁদেই আউট হতেন কোহলি। পারথে সেই পুরনো স্ট্র্যাটেজিই নেওয়া হয়েছিল তাঁর জন্য। ছন্দে দেখায়নি ওপেন করতে নামা রোহিতকেও। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এই প্রসঙ্গে বলেছেন, ‘ফিটনেস আর ম্যাচে খেলার মধ্যে আকাশ-পাতাল ফারাক। তাই রোহিত অস্বস্তিতে পড়েছে। আর বিরাটকে দেখে মনে হয়েছে যে বর্ডার-গাভাসকর ট্রফির জুজু ফের তাড়া করছে। আশা করছি, অ্যাডিলেড এবং সিডনিতে এটা হবে না।’ অবশ্য রোহিত-বিরাটই শুধু ব্যর্থ হননি। অধিনায়ক শুভমান গিল, সহ-অধিনায়ক শ্রেয়স আয়ারও রান পাননি। ভারতীয় ব্যাটিং নিয়ে ইরফানের মন্তব্য, ‘লোকেশ রাহুলকে আত্মবিশ্বাসী দেখিয়েছে। আর অক্ষর যেখানেই সুযোগ পায়, নিজেকে প্রমাণ করে। কিন্তু শ্রেয়স মোটেই মেজাজে ছিল না।’
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ আবার প্রশ্ন তুলেছেন শুভমান গিলের নেতৃত্ব নিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন,‘দলটাই ঠিক হয়নি। ভারতীয় দলে বড্ড বেশি পার্ট-টাইম বোলার। নীতীশ রেড্ডি সম্পূর্ণ বোলার নয়। এই পিচে ওয়াশিংটন সুন্দরও প্রভাব ফেলতে সমস্যায় পড়েছে। হতাশ করেছে হর্ষিত রানাও।’ তিনি আরও বলেছেন, ‘ক্যাপ্টেন হিসেবে এটা গিলেরও পরীক্ষা ছিল। উইকেট নেওয়ার জন্য কুলদীপ যাদব ছিল সেরা ভরসা। কিন্তু ওকে খেলানোই হল না।’