ইন্দোর: নিদারুণ লজ্জা! ইতিহাসে প্রথমবার দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে হারল ভারত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাখঢাক না রেখেই ক্যাপ্টেন শুভমান গিল এই পরাজয়কে চিহ্নিত করলেন ‘হতাশাজনক’ হিসেবে। আসলে এমন অপমানের যথাযথ ব্যাখ্যা নেই তাঁর কাছে। অজুহাতও যেন খুঁজে পাচ্ছেন না। গিলের মন্তব্য তাই কেমন যেন খাপছাড়া, ‘সিরিজের প্রথম ম্যাচ জিতেছিলাম। তারপরই ছন্দপতন ঘটেছে। ইন্দোরে নির্ণায়ক ম্যাচে যেভাবে খেললাম তা খুব দুর্ভাগ্যজনক। একাধিক বিভাগে উন্নতির অবকাশ রয়েছে।’ তবে বিরাট কোহলির প্রশংসা করতে ভুললেন না। ক্যাপ্টেনের সংযোজন, ‘হর্ষিতের ব্যাটিং অবশ্যই বড় প্রাপ্তি। নীতীশও ভালো খেলেছে। তবে বিরাট-ভাইয়ের কথা আলাদা করে বলতেই হবে।’ কিন্তু রোহিত-শ্রেয়সের সঙ্গে তিনি নিজে কী করছেন, প্রশ্নটা থাকলই!
শুভমান যতই ইতিবাচক দিক খুঁজুন না কেন, নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে ওডিআই সিরিজ হেরে মুখ পুড়েছে গৌতম গম্ভীরের দলের। আর অধিনায়ক নিজেই তো ব্যর্থ। নেতৃত্ব তাঁকে ওভারের ফরম্যাটে চাপে ফেলছে কিনা, সেই ব্যাপারে নজর দেওয়া উচিত বোর্ডের। রোহিত শর্মা এই সিরিজে চূড়ান্ত ফ্লপ। তিন ইনিংসে একটাও বড় রান নেই। শ্রেয়স আয়ারও কাজে লাগাতে পারলেন না সুযোগ। যশপ্রীত বুমবাহের অনুপস্থিতিতে বোলিং বিভাগকেও সাদামাটা দেখাচ্ছে। স্পিনাররা হতাশ করলেন সবচেয়ে বেশি। তবে এই চরম অপমানের সিরিজ হার কোচ গম্ভীরকেও কাঠগড়ায় তুলছে। এটা তো তাঁরই দল। তিনি দায় অস্বীকার করতে পারেন না!
অন্যদিকে, ভারতকে দেখলেই সাদা বলের ফরম্যাটে যেন জ্বলে ওঠেন ড্যারিল মিচেল। চলতি সিরিজে তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ৮৪, অপরাজিত ১৩১ ও ১৩৭। এটি তাঁর নবম ওডিআই শতরান। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে যা চতুর্থ। এর আগে ২০২৩ ওডিআই বিশ্বকাপেও ভারতের বিপক্ষে দুটো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। পরিসংখ্যান বলছে, একদিনের ঘরানায় অন্তত ২০০০ রান রয়েছে, এমন ব্যাটারদের মধ্যে মিচেলের গড় (৫৮.৪৭) একদম প্রথম দিকেই আছে। আবার ভারতের বিরুদ্ধে এই ফরম্যাটে অন্তত ৫০০ রান রয়েছে, এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় মিচেলের (৭৪.১)। এদিন ম্যাচের সেরার পাশাপাশি সিরিজের সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। মঞ্চে দাঁড়িয়ে ৩৪ বছর বয়সি কিউয়ি ব্যাটার বললেন, ‘ভারতের মাটিতে সিরিজ জেতা বড় ব্যাপার।’
স্কোরবোর্ড: নিউডিল্যান্ড- কনওয়ে ক রোহিত বো হর্ষিত ৫, নিকোলস বো অর্শদীপ ০, ইয়ং ক জাদেজা বো হর্ষিত ৩০, মিচেল ক কুলদীপ বো সিরাজ ১৩৭, ফিলিপস ক রাহুল বো অর্শদীপ ১০৬, ব্রেসওয়েল অপরাজিত ২৮, মিচেল হে এলবিডব্লু কুলদীপ ২, ফোকস ক কুলদীপ বো অর্শদীপ ১০, ক্লার্ক বো হর্ষিত ১১, জেমিসন অপরাজিত ০, অতিরিক্ত ৮। মোট ৮ উইকেটে ৫০ ওভারে ৩৩৭। বোলিং: অর্শদীপ ১০-১-৬৩-৩, হর্ষিত ১-০-৮৪-৩, সিরাজ ১০-০-৪৩-১, নীতীশ ৮-০-৫৩-০, কুলদীপ ৬-০-৪৮-১, জাদেজা ৬-০-৪১-০।
ভারত- রোহিত ক ক্লার্ক বো ফোকস ১১, গিল বো জেমিসন ২৩, কোহলি ক মিচেল বো ক্লার্ক ১২৪, শ্রেয়স ক ফোকস বো ক্লার্ক ৩, রাহুল ক ফিলিপস বো লেনক্স ১, নীতীশ ক ইয়ং বো ক্লার্ক ৫৩, জাদেজা ক ইয়ং বো লেনক্স ১২, হর্ষিত ক নিকোলস বো ফোকস ৫২, সিরাজ ক মিচেল হে বো ফোকস ০, কুলদীপ রান আউট ৫, অর্শদীপ অপরাজিত ৪, অতিরিক্ত ৮। মোট ৪৬ ওভারে ২৯৬। বোলিং: জেমিসন ৯-০-৫৮-১, ফোকস ৯-০-৭৭-৩, ক্লার্ক ৯-০-৫৪-৩, লেনক্স ১০-২-৪২-২, মিচেল ১-০-১০-০, ফিলিপস ৮-০-৫৪-০।
নিউডিল্যান্ড জয়ী ৪১ রানে।
২-১ ব্যবধানে সিরিজ কিউয়িদের।
ম্যাচ ও সিরিজের সেরা- মিচেল।