মুম্বই: আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ। প্রত্যাশা মতো আজ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। তাতে সবচেয়ে বেশি চর্চা শুভমান গিলকে ঘিরে। তাঁকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া দলে জায়গা পাকা করেছেন যশপ্রীত বুমরাহ। এশিয়া কাপ টি২০-তে ভারতীয় দলের নেতৃত্বভার থাকছে সূর্যকুমার যাদবের কাঁধে। আরও একবার তাঁকে এই গুরুদায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছে।
এশিয়া কাপ আয়োজনের জন্য প্রস্তুত মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরশাহী। সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ভারতের অভিযান শুরু ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ আয়োজক দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি যতই তীব্র হোক, ভারতীয় ক্রিকেট বোর্ডের তা নিয়ে কোনও হেলদোল নেই। সব ঠিকঠাক থাকলে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাক মহারণ।
এশিয়া কাপের দল বেছে নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতাকে বিশেষ গুরুত্ব দিতে দেখা গেল ভারতীয় নির্বাচকদের। যে কারণে টি-২০ দলের অধিনায়ক হিসেবে আরও একবার দায়িত্ব পেলেন সূর্যকুমার। তাঁর সহকারী হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা অনেককে বিস্মিত করেছে। উইকেটরক্ষক হিসেবে প্রথম থেকে পছন্দের তালিকায় শীর্ষে সঞ্জু স্যামসন। দ্বিতীয় হিসেবে জীতেশ শর্মা ও ধ্রুব জুরেলের মধ্যে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে মূলত চলছিল জল্পনা। শেষ পর্যন্ত শিকে ছিঁড়েছে জীতেশের।



