দুবাই: সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। পাঁচ ম্যাচের এই দ্বৈরথে সর্বাধিক রান করেছেন ভারতীয় অধিনায়ক। তাঁর সংগ্রহ ৭৫৪। ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্সের পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেই সুবাদে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন গিল। তারই স্বীকৃতি স্বরূপ আইসিসি’র জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের ক্যাপ্টেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘চার নম্বর পজিশনে বিরাট কোহলির থেকে ব্যাটন নিয়ে দুর্দান্ত ফর্ম মেলে ধরেছেন শুভমান গিল। জুলাই মাসে ৯৪.০৫ গড়ে তাঁর ব্যাট থেকে আসে ৫৬৭ রান।’ উল্লেখ্য, গিলের সঙ্গে এই সম্মান দখলের দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার উয়ান মুল্ডার ও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।



