Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুকন্যাকে যৌন নিগ্রহে সশ্রম কারাদণ্ড

শিশুকন্যাকে যৌন নিগ্রহে সশ্রম কারাদণ্ড
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: ছ’বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল হলদিয়ার বিশেষ পকসো আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড হবে। সাজাপ্রাপ্তের নাম মানস মাজি। বাড়ি ভবানীপুর থানার হাদিয়ায়। বৃহস্পতিবার হলদিয়া মহকুমার বিশেষ পকসো আদালতের বিচারক অঞ্জনকুমার সরকার এই রায় ঘোষণা করেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ১১ডিসেম্বর ভবানীপুর থানায় ওই শিশুকন্যার বাবা যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ, মানস খবরের কাগজের হকার। ওই বছর ৮ ডিসেম্বর সকালে বাড়িতে কাগজ পৌঁছতে গিয়ে সে শিশুকন্যাকে যৌন নিগ্রহ করে। বাড়ির কাউকে জানালে তাকে খুন করা হবে বলে হুমকি দেয়। পরে শিশুটি ব্যথা ও যন্ত্রণায় কান্নাকাটি করে। দু’দিন পর সে মায়ের কাছে ঘটনার কথা জানায়। ওই ঘটনায় পুলিস মানসকে গ্রেপ্তার করে। 
হলদিয়া আদালতের সরকারি আইনজীবী টুলু নায়েক  বলেন, অভিযুক্ত মানস হলদিয়ায় মামলা চলাকালীন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছিল। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়। এই মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এধরনের দৃষ্টান্তমূলক সাজা হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে।
সম্পর্কিত সংবাদ