নয়াদিল্লি, ৩ জানুয়ারি: চোট সারিয়ে অবশেষে ভারতীয় দলে ফিরলেন শ্রেয়স আইয়ার। যদিও এখানেও একটা প্রশ্ন চিহ্ন আছে। কারণ, ভারতের এক দিনের দলের সহ-অধিনায়কের মাঠে নামার চূড়ান্ত ছাড়পত্র নির্ভর করছে ফিটনেসের উপরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অভিযান শুরু হচ্ছে ১১ জানুয়ারি। তিন ম্যাচের এই সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই।
দলে প্রত্যাশামতো জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়ররা। ওডিআই দলে ফিরছেন মহম্মদ সিরাজ। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত পঞ্চাশ ওভারের ঘরানায় জাতীয় দলে নিয়মিতো ছিলেন সিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন। তবে কন্ডিশনের কারণে তাঁকে খেলানো হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে অবশ্য খেলেছিলেন। তবে এবারও শিকে ছিঁড়ল না মহম্মদ সামির ভাগ্যে। গতবছর মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় দলের বাইরে তিনি। সম্ভাবনা থাকলেও ১৫ জনের দলে সুযোগ পেলেন না ঋতুরাজ গায়কোয়াড়ও।
শ্রেয়স আইয়ারের ফের দলে ফেরা নিঃসন্দেহে একটা বড় ব্যপার। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাঁকে। যে কারণে আটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। শোনা যাচ্ছিল, বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের যতটা সম্ভব বিশ্রাম দেওয়ার ভাবনা বোর্ডের। যে কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে যশপ্রীত বুমরাহ ও পান্ডিয়াকে রাখা হয়নি।
এক নজরে ভারতীয় স্কোয়াড:
শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কূলদীপ যাদব, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, যশস্বী জয়সওয়াল এবং অর্শদীপ সিং