সিডনি, ২৭ অক্টোবর: সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় সেখানকার একটি হাসপাতালে। অভ্যন্তরীণ রক্তক্ষণের জন্য ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ককে আইসিইউতে রাখা হয়েছে বলে খবরে প্রকাশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সংবাদ সংস্থা জানিয়েছে, ‘গত কয়েকদিন ধরে শ্রেয়স আইসিইউতে আছেন। বিভিন্ন টেস্টের রিপোর্টে তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। যার জেরে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়।’ গোটা ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল ওই সূত্র আরও জানিয়েছে, ‘আপাতত দুই থেকে সাত দিন পর্যন্ত শ্রেয়সকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর সেরে ওঠার গতি অনুযায়ী এই সময়কাল নির্ধারণ করা হবে। রক্তক্ষরণের ফলে কোনওভাবেই যাতে সংক্রমণ না ঘটে সে দিকে নজর রাখা হচ্ছে।’
শনিবার ম্যাচ চলাকালে অ্যালেক্সকে আউট করতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে পেছনের দিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ ধরেন আইয়ার। তবে সেই সময়ই বাঁ পাশের পাঁজরে চোট পান তিনি। ব্যথায় লুটিয়ে পড়েন ভারতের একদিনের ক্রিকেট দলের সহ-অধিনায়ক। সঙ্গে সঙ্গে ফিজিও এসে তাঁকে মাঠ থেকে তুলে নেন। পরে ড্রেসিংরুমে ফিরে ব্যথা বাড়তে থাকায় দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে মনে করা হয়েছিল, চোটআঘাত সামলে তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন শ্রেয়স। কিন্তু এ বার অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে সেই সম্ভাবনা আরও কমল বলে আশঙ্কা করা হচ্ছে।