Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝরাতে শহরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, আতঙ্ক এলাকাজুড়ে

ফের শহরে চলল গুলি। শনিবার গভীর রাতে প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ উত্তর কলকাতার পথুরিয়াঘাটা এলাকায় পরপর গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

মাঝরাতে শহরে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, আতঙ্ক এলাকাজুড়ে
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৮:৩৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে চলল গুলি। শনিবার গভীর রাতে প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ উত্তর কলকাতার পথুরিয়াঘাটা এলাকায় পরপর গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে এই ঘটনায় নর্থ পোর্ট থানা এলাকার একটি ঘাটে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। নাম সন্তোষ চৌধুরী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে কুখ্যাত দুষ্কৃতী অমিত সোনকার ওরফে খরগোশের নাম। পারিবারিক বিবাদের জেরেই তাঁকে খুনের উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

আহত সন্তোষ এবং দুষ্কৃতী খরগোশের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক একটি ঝামেলা মেটাতে পথুরিয়াঘাটার একটি ঘাটে হাজির হন দু'জন। অভিযোগ, সেখানে প্রথমে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সময় গড়াতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এরপর খরগোশ শূন্যে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে দাবি স্থানীয়দের। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কে স্থানীয়রা ঘটনাস্থল ছেড়ে সরে যান। অভিযোগ, এলাকা ফাঁকা হয়ে যাওয়ার পর সন্তোষকে খুব কাছ থেকে, প্রায় ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে পেটে গুলি করে খরগোশ। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সন্তোষ। এরপরেই স্থানীয়রা খবর দেয় পুলিশকে। অভিযোগের ভিত্তিতে নর্থ পোর্ট থানায় মামলা রুজু হয়েছে খরগোশের বিরুদ্ধে। 

 সন্তোষকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নর্থ পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়েছে। তবে মূল অভিযুক্ত অমিত সোনকার এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তাঁর সন্ধানে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ