Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

টুকরো খবর
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ছবির সাজে ডোর
• রং তুলি এক এক শিল্পীর হাতে এক একরকমভাবে প্রাণ পায়। সাদা ক্যানভাসে তুলির আঁচড়ে জীবন্ত হয়ে ওঠে এক-একটি ছবি। আবার যাঁরা দেখছেন, সেই ছবি তাঁদের কাছে অন্য মানে নিয়ে ধরা দেয়। সদ্য তেমনই এক প্রদর্শনীর সাক্ষী থাকল কলকাতা। ২২ জন শিল্পীর আঁকা ছবি নিয়ে একটি অন্যধারার প্রদর্শনী অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতার আলতামির আর্ট গ্যালারিতে। গত ২৩ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ছিল বিভিন্ন পেশায় যুক্ত মানুষের আঁকা ছবি। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল ‘ডোর’। প্রতিটি ছবিই অন্যধারার। উপস্থিত দর্শক উপভোগ করেন এই প্রদর্শনী।

Advertisement


উপহারের সামগ্রীতে সমৃদ্ধ পিলি ট্যাক্সি-র প্রদর্শনী
• পুজোর মুখে নানা ধরনের পসরা এক ছাদের তলায় নিয়ে সেজে উঠল বালিগঞ্জের ম্যান্ডেভিল এলাকায় দ্য ভিলা। সারা দেশ জুড়ে নানা স্টার্ট আপ সংস্থাকে এক জায়গায় নিয়ে আসার এই উদ্যোগ পিলি ট্যাক্সির। গতকাল, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী, চলবে আজ, ৬ সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতার পাশাপাশি গুজরাত, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, উদয়পুর, যোধপুর, দিল্লি, ভাদোদরা, পুনে, জয়পুর সহ নানা শহরের শিল্পী ও স্টার্ট আপ সংস্থারা নিজেদের পসরা সাজিয়েছে এখানে। ঘর সাজানোর জিনিস থেকে শাড়ি,  পাঞ্জাবি, কুর্তি সহ নানা পোশাক, স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্ট, ব্যাগ, জুয়েলারি সবই রয়েছে এই প্রদর্শনীতে। থাকবে চা-কফি থেকে নানা মুখরোচক খাবার, আচার সবই। পুজোর আগে পকেটসই দামে মনের মতো উপহার সামগ্রীর সম্ভার মিলবে এখানে। প্রদর্শনী চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা।


চারুবাসনায় ফিশফিশ
• কলকাতানিবাসী, স্বশিক্ষিত চিত্রশিল্পী আবীরা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় একক প্রদর্শনী চলছে যাদবপুরে চারুবাসনা, যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস-এর চিত্তপ্রসাদ গ্যালারিতে। ভাস্কর তারক গড়াই, চিত্রশিল্পী প্রবাল চন্দ্র বড়াল, সুবিমলেন্দু বিকাশ সিনহা এবং তাপস কোনারের মতো প্রবীণ শিল্পীদের উপস্থিতিতে ‘ফিশফিশ’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এখানে অ্যাক্রিলিক এবং মিশ্র মাধ্যমে করা মোট ৩২টি সৃষ্টি প্রদর্শিত হচ্ছে। শিল্পী তুলির ভাষায় আধ্যাত্মিক জগৎ, বাস্তব এবং পরাবাস্তবের মিশ্র দুনিয়ায় মাছের সঙ্গে মানবজীবন ও প্রকৃতির সম্পর্কের যে রসায়ন ও ভারসাম্য আছে, সেটি প্রকাশ করতে চেয়েছেন।


সেন্ট পল’স ক্যাথিড্রালে মেন্টেইড সানডে
 সেন্ট পল’স ক্যাথিড্রালে বিশেষভাবে সক্ষম শিশুদের হাতের কাজের প্রদর্শনীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা মেন্টেইড। গির্জার শান্ত পরিবেশের মাঝে একঝাঁক আনন্দের আবহাওয়া বয়ে নিয়ে আসবে এই কচিকাঁচার দল। সমবেত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটবে। এছাড়াও বাচ্চাদের হাতে তৈরি নানা ধরনের জিনিসও পাওয়া যাবে। তাদের হাতের কাজ শিখিয়ে রুমাল, টেবিল ক্লথ, কাগজের পুতুল ইত্যাদি বানানো হয়েছে। এছাড়াও রান্নার দিকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। এই সব কিছুই থাকবে মেলায়। সকাল ৮.৩০টা থেকেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গির্জার ‘সানডে সার্ভিস’-এর (প্রার্থনা সভা) পরেই শুরু হবে এই অনুষ্ঠান। বিগত চল্লিশ বছর ধরে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কাজ করছে মেন্টেইড। প্রতি বছরই পুজোর আগে এই ধরনের অনুষ্ঠান ও মেলা আয়োজিত হয়।


নবরূপে ব্লসম কোচর অ্যারোমা ম্যাজিক
 অ্যারোমা ম্যাজিক-এর এসেনশিয়াল অয়েল আবারও বাজারে এসেছে নতুনভাবে। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার ব্লসম কোচর বলেন, গাছের পাতা, ফুল, ফল ও বীজ থেকে নির্যাস বের করে তৈরি করা হয় নানা ধরনের এসেনশিয়াল অয়েল। এই তেল ত্বকের পক্ষে খুবই ভালো। ত্বক উজ্জ্বল ও টানটান করতে এই তেল অনবদ্য। বিভিন্ন সুগন্ধ নিয়ে ১০ মিলির প্যাকে ১৫ ধরনের এসেনশিয়াল অয়েল পাওয়া যাচ্ছে। পুজোর মরশুমে এই এসেনশিয়াল অয়েল গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলবে। তাছাড়া পুজোর সময় ফেসিয়াল করান মহিলারা। উন্নতমানের ফেসিয়াল করানোর জন্য পেপটাইড পোশন কিট, ভিটাবুস্ট ফেসিয়াল কিট, মোকা ফেসিয়াল কিট নিয়ে এসেছে এই সংস্থা। এতে স্কিন ইলাস্টিসিটি বাড়বে, কুঞ্চন কমবে, ত্বক উজ্জ্বলও হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ