Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকা না পাওয়ায় দোকানে তাণ্ডব, বারাসতে গ্রেপ্তার সুদের কারবারি

এবার বারাসতে সুদের কারবারিদের তাণ্ডব। রবিবার রাতে ওই সুদের কারবারিরা হামলা চালায় ব্যবসায়ী স্বরূপ রায়ের মোবাইলের দোকানে।

টাকা না পাওয়ায় দোকানে তাণ্ডব, বারাসতে গ্রেপ্তার সুদের কারবারি
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার বারাসতে সুদের কারবারিদের তাণ্ডব। রবিবার রাতে ওই সুদের কারবারিরা হামলা চালায় ব্যবসায়ী স্বরূপ রায়ের মোবাইলের দোকানে। তবে, তখন দোকানে ছিলেন না স্বরূপবাবু। তাঁকে না পেয়ে দোকানের এক বয়স্ক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠল সুদের কারবারিদের বিরুদ্ধে। বারাসত থানায় এনিয়ে অভিযোগ জানানো হলে অভিযুক্ত স্বপন সর্দার ওরফে মালিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিস। 

Advertisement

জানা গিয়েছে, স্বপনের কাছ থেকে ২০২৪ সালের ২৭ জানুয়ারি দুই লক্ষ টাকা ধার নেন বারাসতের মোবাইল ব্যবসায়ী স্বরূপ। ঠিক হয় দৈনিক ৪০০ টাকা করে সুদ, অর্থাৎ ১৪৫ শতাংশ হারে সুদ দিতে হবে। সেই মতো নিত্য সুদ দিচ্ছিলেন স্বরূপ। বছরখানেক এভাবে চলার পর কয়েকদিন সুদের টাকা দিতে না পারায় সুদখোর স্বপনের তাণ্ডব শুরু হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে বারাসত থানায় অভিযোগ জানান স্বরূপ। এরপরই সুদের কারবারির অত্যাচার বাড়তে থাকে বলেই দাবি স্বরূপবাবুর। প্রাণভয়ে তিনি আবার টাকা পরিশোধ করতে শুরু করেন। এভাবে স্বরূপ সাড়ে তিন লক্ষের বেশি টাকা পরিশোধ করে দেন। এরইমধ্যে চড়া সুদে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে অশোকনগরের কিডনি পাচারের অভিযোগ সামনে আসতেই আতঙ্কে পড়েন মোবাইল ব্যবসায়ী।
এপ্রিল মাসের ১৮ তারিখ এনিয়ে ফের অভিযোগ জানান বারাসত থানায়। তবে, সেই সময় কিছুটা হলেও চুপ ছিলেন স্বপন। কিন্তু দিন ১৫ ধরে ফের স্বরূপকে টাকা পরিশোধ করতে দলবল নিয়ে এসে চাপ দিতে শুরু করেন তিনি। রবিবার সরাসরি দোকানে হামলা চালান সুদখোররা। স্বরূপবাবু বলেন, এক বছর প্রতিদিন ৮০০ টাকা করে আর কখনও ২০ হাজার টাকা, কখনও আরও কিছু টাকা দিয়ে সাড়ে তিন লক্ষের বেশি টাকা দিয়েছি। তারপরেও বলছে টাকা শোধ হয়নি। দোকানে এসে হুমকি দিচ্ছিল। আমার কর্মচারীকে মারধর করেছে। তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। একজনকে পুলিস গ্রেপ্তার করেছে। আতঙ্কে রয়েছি আমরা। এনিয়ে বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত বলেন, এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ