সন্ত্রাসবাদের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর। ফের ভূস্বর্গে শ্যুটিং শুরু করছে বলিউড। শোনা যাচ্ছে, শীঘ্রই ববি দেওলের একটি ছবির শ্যুটিং সেখানে শুরু হবে। পহেলগাঁও হামলার পর বলিউডের বেশ কয়েকটি ছবির কাজ বাতিল হয়েছিল। সমস্যায় পড়েছিলেন কাশ্মীরবাসী। কারণ শ্যুটিং না হলে মার খাবে স্থানীয়দের রুটিরুজি। যদিও প্রাণপণে ফের ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে উপত্যকা। এবার কাশ্মীরের পাশে দাঁড়ালেন ববি। সন্ত্রাসবাদী হামলার পর প্রথমবার সেখানে কোনও বড় প্রজেক্টের শ্যুটিং হতে চলেছে। সূত্রের খবর, ববি নাকি নির্মাতাদের বলেছেন, কাশ্মীরে শ্যুটিংয়ের কথা। কারণ সেক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বার্তা দেওয়া যাবে। শিল্প মাধ্যম যে ভয় পেয়ে পিছিয়ে আসে না, তাও প্রমাণ করা যাবে বলে মত অভিনেতার। কাশ্মীরের কোন কোন জায়গায় শ্যুটিং হতে পারে, আপাতত সেদিকে নজর রাখছেন নির্মাতারা। অন্যদিকে, অপারেশন সিন্দুরের পর সম্প্রতি কাশ্মীরে গিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি। সীমান্ত অঞ্চলে বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখাও করেন তিনি। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদ, ঘৃণার কাছে ভারত কখনওই হার মানবে না।



