সংবাদদাতা, মালদহ: প্রকাশ্য সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজনৈতিক বক্তব্যের শুরুতে শনিবার প্রণাম জানালেন শিবেন্দুশেখর রায়কে। প্রধানমন্ত্রীকে রাজ্য বিজেপির পক্ষ থেকেও শিবেন্দুশেখর রায়ের একটি বিশাল ফ্রেমে বাঁধানো ছবি উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মুখে শিবেন্দুশেখরের নাম শুনে নড়েচড়ে বসেছেন অনেকেই। মালদহের এক সময়ের প্রখ্যাত আইনজীবী শিবেন্দুশেখর রায় ছিলেন মালদহের ভারতভুক্তির অন্যতম পথিকৃৎ। তাঁর ছেলে সুখেন্দুশেখর রায় দীর্ঘদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। প্রধানমন্ত্রী এদিন শিবেন্দুশেখর রায়ের প্রসঙ্গ উত্থাপন করায় নতুন করে আলোকপাত শুরু হয়েছে দেশভাগের সময় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে। সুখেন্দুশেখর রায় এদিন টেলিফোনে বলেন, প্রধানমন্ত্রী বাবার কথা বলে তাঁকে শ্রদ্ধা জানানোয় দেশভাগের পরবর্তী কয়েকদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া মালদহবাসীর উদ্বেগ এবং আতঙ্কের বিস্মৃত ইতিহাস নিয়ে নতুন করে চর্চা শুরু হবে। এব্যাপারে আমি এবং আমার পরিবারের সদস্যরা আশাবাদী। একজন সন্তান হিসাবে বাবার কথা প্রধানমন্ত্রীর মুখে শুনে আমি আনন্দিত।



