Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেনের হয়ে ব্যাট ধরলেন শিবম দুবে

অভিষেক শর্মার পর শিবম দুবে! ফর্মে না থাকা সূর্যকুমার যাদবের হয়ে মঙ্গলবার সওয়াল করতে দেখা গেল অলরাউন্ডারকে।

ক্যাপ্টেনের হয়ে ব্যাট ধরলেন শিবম দুবে
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

লখনউ: অভিষেক শর্মার পর শিবম দুবে! ফর্মে না থাকা সূর্যকুমার যাদবের হয়ে মঙ্গলবার সওয়াল করতে দেখা গেল অলরাউন্ডারকে। সোমবারই বন্ধু শুভমান গিলের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যর উপরও আস্থা দেখিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার অভিষেক। সেই মেজাজেই এদিন শিবম বললেন, ‘সূর্য এমন ধরনের ক্রিকেটার যে পরপর পাঁচটা ম্যাচ জেতানোর ক্ষমতা ধরে। তাই ফর্মে না থাকার মানে এটা নয় যে, ও খারাপ ব্যাটসম্যান। ও এই ফরম্যাটে সেরাদের মধ্যে পড়ে। সূর্য যা পারে তা বাকিদের সাধ্যের বাইরে। হ্যাঁ, এখন ও রান পাচ্ছে না। তবে ঠিক সময়ে নিশ্চিতভাবেই রানে ফিরবে। যে কোনও মুহূর্তে ও বিধ্বংসী মেজাজে দেখা দিতে পারে।’

Advertisement

চলতি সিরিজে তিন ইনিংসে ১২, ৫ ও ১২ করেছেন ‘স্কাই’। গত বছরের নভেম্বর থেকেই পৌঁছোননি পঞ্চাশে। এই সময়ে মাত্র দু’বার কুড়ি বলের বেশি টিকেছেন তিনি। স্বাভাবিকভাবেই তোপের মুখে তিনি। তবে শিবম আস্থা রেখেছেন, ‘ও হল ফাইটার। রান আসুক বা না আসুক, মানসিকভাবে একই থাকে ও। দলের জন্য সবসময় সেরাটা দিতে উদগ্রীব থাকে। উদ্ভাবনী শক্তি রয়েছে, ৩৬০ ডিগ্রি প্লেয়ার সূর্য। সেজন্যই বিপক্ষের কাছে ও এত আতঙ্কের।’
সহ-অধিনায়ক গিলের ব্যাডপ্যাচ নিয়েও প্রশ্ন ছুটে আসে। শিবম এক্ষেত্রেও আড়াল করেন সিনিয়রকে। বলেন, ‘অনেক বছর ধরে ধারাবাহিক ভাবে দেশের হয়ে রান করে চলেছে ও। আর ওঠা-পড়া ক্রিকেটেরই অঙ্গ। তবে এটা বলতে পারি যে গিল দেশের সেরা ব্যাটারদের অন্যতম।’ আসন্ন বিশ্বকাপ নিয়ে ৩২ বছর বয়সির গলায় আত্মবিশ্বাস, ‘আমাদের দল একেবারে সেট। মনে হয় না খুব বেশি পরিবর্তন হবে স্কোয়াডে। তবে এই সিদ্ধান্ত কোচ, ক্যাপ্টেন, নির্বাচকদের। আমি এটুকু বলতে পারি, প্রতিযোগিতার অন্যতম সেরা দল ভারত।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ