Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে শিব-পার্বতীর বিয়ে মহাসমারোহে পালিত হল

বাসন্তী দশমীর রাতে শিব ঠাকুরের সঙ্গে দেবী পার্বতীর বিয়ে হয়। এমনটাই প্রথা নবদ্বীপের।

নবদ্বীপে শিব-পার্বতীর বিয়ে মহাসমারোহে পালিত হল
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: বাসন্তী দশমীর রাতে শিব ঠাকুরের সঙ্গে দেবী পার্বতীর বিয়ে হয়। এমনটাই প্রথা নবদ্বীপের। শিবের বিয়ে উপলক্ষ্যে নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ প্রায় পাঁচশো বছরের পুরনো বুড়োশিব মন্দিরের পাশাপাশি সেজে উঠেছে যোগনাথ, চারিচারা পাড়া বাজারের বালকনাথ, বউবাজারের বাণেশ্বর এবং দণ্ডপাণি শিব মন্দির প্রাঙ্গণ। সোমবার সকাল থেকে শিব-পার্বতীর বিয়ের বাসর সাজান উদ্যোক্তারা। যৌতুক হিসেবে থাকে বিভিন্ন দানসামগ্রী। টিভি, ফ্রিজ, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, বাইক, কম্পিউটার, কাঁসার থালা-বাসন, বরের পাঞ্জাবি, কনের বেনারসি দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। সবই বাবার ভক্তদের দান। সোমবার সন্ধ্যা থেকেই নবদ্বীপ সহ বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা শিব মন্দিরগুলিতে ভিড় করেন। কোথাও ঢাকের তালে, কোথাও আবার ব্যান্ডের বাজনা সহকারে, আতশবাজি ফাটিয়ে, সিংহাসনে বেয়ারাদের কাঁধে চেপে শিব ঠাকুর বিয়ে করতে আসেন। এসবের শেষে ভোর রাতে পুরোহিতের উপস্থিতিতে শিব-পার্বতীর মালাবদল ও সাতপাকে ঘোরার অনুষ্ঠান হয়।

Advertisement

চারিচারা পাড়া বাজার কমিটির পক্ষ থেকে বিবাহ বাসরের পাশে শিশুদের মনোরঞ্জনের জন্য তারকা রাক্ষসীও সাজানো হয়েছিল। চারিচারা পাড়া বাজার বালকনাথ শিব কমিটির সম্পাদক অলোক দাস বলেন, প্রাচীন লৌকিক প্রথা মেনে মন্দির প্রাঙ্গণের সামনে বাসন্তী অর্থাৎ দুর্গাদেবীর সঙ্গে শিবের বিয়ে হয়। সোমবার সন্ধ্যায় শিবকে সিংহাসনে সাজিয়ে ঢাক, ডগর, ক্লাব ব্যান্ড সহকারে নবদ্বীপ ধাম ঘোরানোটা আমাদের রীতি। এই শোভাযাত্রায় থাকে নবদ্বীপের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। আর থাকেন পাত্রী বাসন্তী অর্থাৎ দেবী পার্বতী। গভীর রাতে শিব-পার্বতীর বিয়ে হয়। বিয়ের পর স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আসা ভক্তদের মধ্যে লুচি, আলুর দম, মালপোয়া প্রসাদ বিলি করা হয়।
চারিচারা পাড়া বাজার বালকনাথ শিব মন্দিরের পুরোহিত বাবলা চট্টোপাধ্যায় বলেন, এই শিব-পার্বতীর বিয়েতে সামাজিক বিয়ের মতোই সমস্ত নিয়ম মানা হয়। মালা বদল, সাতপাক এবং শুভদৃষ্টি সহ নানা অনুষ্ঠান হয়। চারিচারা পাড়া বাজার বালকনাথ শিব কমিটির অন্যতম সদস্য ইন্দ্রজিৎ গুপ্ত বলেন, নবদ্বীপের বেশ কয়েকটি শিব মন্দিরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। প্রতিটি মন্দিরেই ভক্তরা বিয়ে দেখতে ভিড় জমান।
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেন, এটি একটি শিবকেন্দ্রিক লোক উৎসব। গোটা চৈত্র মাসজুড়েই আমরা শিবকে কেন্দ্র করে নানা উৎসব অনুষ্ঠিত হতে দেখি। শিব, বাসন্তী অর্থাৎ পার্বতীকে বিয়ে করতে যাচ্ছেন। বাবার বিয়ে দিচ্ছে ছেলে-মেয়েরা! এমন দৃশ্য নবদ্বীপেই দেখা যায়। নবদ্বীপের ঐতিহ্য এই শিবের বিয়ে। বিয়েতে দেওয়া যৌতুকগুলি স্থানীয় বিভিন্ন দোকান থেকে আনা হয়। সেইসব যৌতুক দিয়ে সাজানো হয় শিব-পার্বতীর বিবাহ বাসর। বিয়ের শেষে পরের দিন, সেগুলি ওই দোকানে আবার ফেরত দিয়ে আসা হয়। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ