সঞ্জয় সরকার, কলকাতা: দীর্ঘ তিন বছর পর জাঁকজমকভাবে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। আগামী শনিবার প্রতিযোগিতার ফাইনাল। বিশেষজ্ঞদের ধারণা, দীর্ঘদিন পরে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হতে পারে কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। আর সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচ শেষেই শুরু হবে টিকিট বণ্টন। এছাড়া ফাইনালের আগে উন্মাদনা বাড়াতে এবার কল্লোলিনী তিলোত্তমায় শিল্ড পরিক্রমা হবে। আগামী ১৬ ও ১৭ অক্টোবর শহরের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের হুডখোলা বাসে প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে এই সফর হবে। প্রথম দিন ধর্মতলা থেকে দক্ষিণ কলকাতার পাটুলি পর্যন্ত ঘোরানো হবে শিল্ড। আর পরের দিন শ্যামবাজারের পাঁচমাথা মোড় থেকে শুরু করে উত্তর কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে সফর শেষ হবে বিধাননগরে। এমনকী, ফাইনালের দিন এই হুডখোলা বাস থেকেই হবে টিকিট বণ্টন। এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, ‘শিল্ডের গরিমা সম্পর্কে সবাই ওয়াকিবহাল। কিন্তু সাধারণ মানুষ এই খেতাব দেখার সুযোগ সেভাবে পান না। তাই এবার ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে হুডখোলা বাসে শিল্ড পরিক্রমার কথা ভাবা হয়েছে।’ সব মিলিয়ে শিল্ড ফাইনাল কেন্দ্র করে ফের ফুটবল জ্বরে কাঁপতে চলেছে ফুটবলের মক্কা।



