নয়াদিল্লি: আর সাধারণ পাক নাগরিককে বোকা বানাতে পারছে না পাকিস্তান সরকার। সেই কারণে ঢোঁক গিলে 'অপারেশন সিন্দুর'-এর সাফল্য মেনে নিতে বাধ্য হলেন খোদ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর মন্তব্যের জেরে আরও একবার প্রমাণিত হল ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে, ভারতের প্রত্যাঘাতে সেদেশের একাধিক বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। বিশেষ করে নুর খান বিমানঘাঁটিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।
আসলে দিনকয়েক আগেও পাকিস্তান দাবি করছিল, ভারতের পাল্টা জবাবে তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এবার একটি ভিডিওতে শাহবাজ শরিফকে বলতে শোনা গেল, "৯ ও ১০ তারিখের মধ্যবর্তী রাত আনুমানিক আড়াইটার দিকে, জেনারেল আসীম মুনির আমাকে ফোনে জানান যে, ভারত এইমাত্র তাদের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। যার মধ্যে একটি নুর খান বিমানঘাঁটিতে পড়েছে এবং কিছু অন্য এলাকাতেও পড়েছে।"
উল্লেখ্য বিষয় হল, নুর খান কিন্তু মোটেই কোনও সাধারণ বিমানঘাঁটি নয়। এটি পাকিস্তানের ভিভিআইপি এবং উচ্চ পর্যায়ের সামরিক বিমান চলাচলের কেন্দ্র। পাশাপাশি এটি, ইসলামাবাদের কাছাকাছি অবস্থিত হওয়ায় পাকিস্তানের সবচেয়ে সংবেদনশীল এই বিমানঘাঁটি হিসেবে এটিকে গণ্য করা হয়। প্রত্যাঘাতের পর থেকে এখন পর্যন্ত যেকটি স্যাটেলাইট চিত্র দেখা গিয়েছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে যে ভারতীয় বিমান বাহিনী সম্পূর্ণ সঠিক ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যা পাকিস্তানের কার্যত আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছে।