স্বামীকে মারধর করতেন! বিধায়ক রেখার বিরুদ্ধে অভিযোগ শ্বশুরের
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালির আন্দোলন তাঁকে পরিচিতি দিয়েছিল। আর সেই পরিচিতিই খুলে দিয়েছিল রাজনীতির দরজা! আন্দোলনের ময়দান থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী, সেখান থেকে বিধায়ক। কিন্তু রাজনৈতিক উত্থানের সেই কাহিনীর আড়ালে কি জমছিল পারিবারিক অশান্তি? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতাকে কেন্দ্র করে এবার সামনে এল তাঁর শ্বশুরবাড়ির বিস্ফোরক অভিযোগ। এবার বউমা ও তাঁর বাড়ির লোকজনের বিরুদ্ধে সরাসরি মুখ খুললেন শ্বশুর ধীরেন পাত্র। তাঁর অভিযোগ, আমার ছেলেকে মারধর করত ওঁরা। অন্যদিকে শাশুড়ি অনুপমা পাত্রের বক্তব্যেও উঠে এসেছে পারিবারিক সম্পর্কের টানাপড়েন। পরিবারের এই অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

সন্দেশখালির এক চিলতে বাড়িতে বসবাস ছিল রেখার। তাঁর স্বামী সন্দীপ ভিন রাজ্যে দিনমজুরের কাজ করতেন। সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন শুরু হতেই প্রকাশ্যে আসেন রেখাদেবী। ২০২৪-এর লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে লড়াই করেন তিনি। বিজেপির কাছে ‘দুর্গা’ হয়ে ওঠেন রেখা। এরপর ইছামতী দিয়ে অনেক জল গড়িয়েছে! কার্যত শ্বশুরবাড়ি সন্দেশখালি থেকে ‘আলাদা’ হয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারাও বলছেন রেখা বিজেপির লোকসভায় প্রার্থী হওয়ার পরই গ্রাম থেকে সরে যান। আর ছাব্বিশে বিধানসভা ভোটে জেতার পর থেকে তিনি আর শ্বশুরবাড়ির ‘দুয়ারে’ আসেন না বলেও অভিযোগ। এনিয়ে পরিবারের মধ্যে রাগ জমেছিল। আর রেখার শরীরে বিষের হদিশ মিলতেই কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন শ্বশুড়বাড়ির লোকজন। শ্বশুর ধীরেনের বক্তব্য, আমার ছেলের উপর অত্যাচার হয়েছে। বউমা এবং তাঁর বাপের বাড়ির লোকজন ছেলেকে নিয়মিত মারধর করত। তাই বাধ্য হয়ে সন্দীপ ওখান (হিঙ্গলগঞ্জ) থেকে সন্দেশখালি চলে এসেছে।  ধীরেন আরও বলেছেন, আমাদের সঙ্গে রেখার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। আমাদের কী অবস্থা, দেখুন। এরপরই তাঁর সংযোজন, আমার স্ত্রী (রেখার শাশুড়ি) অসুস্থ, দেখার কেউ নেই। আমাদের খাওয়া জোটে না। এদিকে  শাশুড়ি অনুপমা পাত্রও বলছেন, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই! সূত্রের দাবি, রেখা হিঙ্গলগঞ্জের ফ্ল্যাটে থাকেন তাঁর বাপের বাড়ির লোকজনকে নিয়ে। স্বামী সন্দীপ প্রায় দু’মাস হল সেখানে নেই। 
ঘটনাচক্রে, রেখা পাত্র নিজেই এখন অসুস্থতা কাটিয়ে ওঠার লড়াইয়ে। গত ২১ নভেম্বর রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের বিধায়ক। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে বসিরহাট হয়ে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের দাবি ছিল, তাঁর পেটে বিষাক্ত কীটনাশক প্রবেশ করেছে। তবে, আপাতত কিছুটা সুস্থ রয়েছেন বিধায়ক রেখা পাত্র। মেডিকেল টিম তাঁকে কড়া নজরদারিতে রেখেছে। তবে, রেখার শরীরে বিষ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বিরোধীদের দাবি, খাবারের বিষক্রিয়া হলে, বাকি যাঁরা তা খেয়েছেন, তাঁদের শরীরের অবস্থা কি? ‘অভিশপ্ত’ সেই খাবার কি পরীক্ষার জন্য প্রশাসনের তরফে সংরক্ষণ করা হয়েছে? এ প্রশ্নও তুলছেন অনেকে।