নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ইচ্ছেপূরণের স্বপ্নে বিভোর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঋষি ঘোষ। দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও শুধুমাত্র জেদ এবং ইচ্ছেশক্তির জেরে সম্প্রতি সে তিন সেকেন্ডের কম সময়ে এ থেকে জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালা টাইপ করে রেকর্ড গড়েছে। মাত্র ১৫ বছর বয়সেই নাম উঠেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ। আর এই সাফল্যের জন্য এবার রাজ্যের তরফেও স্বীকৃতি এল ঋষির মুকুটে।
মঙ্গলবার কলকাতায় রোটারি সদনে স্টেট কমিশন অব পারসনস উইথ ডিসেবিলিটিস-এর পক্ষ থেকে ঋষিকে আউটস্ট্যান্ডিং ক্রিয়েটিভ চাইল্ড উইথ ডিসেবিলিটি ক্যাটাগরিতে সম্মানিত করা হয়। ঋষিকে সেই সম্মান তুলে দেন রাজ্য সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এতে উচ্ছ্বসিত ঋষির পরিবার পরিজনরা। ঋষির এই সাফল্যে খুশি জেলা প্রশাসনও। এবার ঋষির ইচ্ছে, দ্রুত টাইপিংয়ে গিনেস বুক অব রেকর্ডসে নাম তোলার।
জন্মের দেড় বছরের মাথায় দৃষ্টিশক্তি চলে যায় ঋষির। কালিয়াগঞ্জ শহরের মহাদেবপুরের বাসিন্দা ঋষির বাবা রানাপ্রতাপ ঘোষ ফার্নিচার ব্যবসায়ী। কিন্তু তিনি এবং তাঁর স্ত্রী সর্বক্ষণ ছেলে ঋষিকে উৎসাহিত করে গিয়েছেন আগামী দিনে কিছু করে দেখানোর জন্য। বর্তমানে কালিয়াগঞ্জের একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ঋষি। শুধু পড়াশোনা নয়, দুর্দান্ত পিয়ানো বাদক হিসেবেও তার নাম রয়েছে। তার যথাযথ প্রশিক্ষণ নিচ্ছে সে। ঋষির ইচ্ছে দ্রুত পিয়ানো বাদক হিসেবেও বিশ্ব রেকর্ড গড়ার। পেশাদার গায়ক হওয়ার।
পরিবারের তরফে জানা গিয়েছে, অভিভাবকদের ইচ্ছাতেই ঋষি নিজের অসাধারণ টাইপিং ক্ষমতা প্রদর্শনের জন্য গত জুলাই মাসে অনলাইনে আবেদন করেন। তারপর মাত্র ২.৮৮ সেকেন্ডে ঝড়ের গতিতে কম্পিউটারে এ থেকে জেড পর্যন্ত টাইপ করে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম তোলে ঋষি। তার এই সাফল্যের পর ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে শংসাপত্র, পদক, পুরস্কার মিলেছে। এই সাফল্যের কাহিনী জানাজানি হতেই রাজ্য সরকারের তরফেও তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হল বলে জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানান।
ঋষির বাবা রানাপ্রতাপ বলেন, ছেলের যে কোনও শিক্ষণীয় বিষয়ে অগাধ আগ্রহ। যা করে মনোযোগ সহকারে করে। গত জুলাই মাসে অনলাইনে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ আবেদন করা হয়েছিল। সেখানে ঋষি তাঁর যোগ্যতা প্রদর্শন করতে পারে। তাতে রেকর্ড তৈরি করেছে ঋষি। ২.৮৮ সেকেন্ডে ইংরেজি বর্ণমালা টাইপ করে নজির গড়েছে। • নিজস্ব চিত্র।