নিজস্ব প্রতিনিধি জলপাইগুড়ি: গতকাল, সোমবার জলপাইগুড়িতে দেখা করে বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাতে মুখবন্ধ খামে চিঠি তুলে দিয়েছিলেন দলের বিক্ষুব্ধ কর্মীরা। এরপর আলিপুরদুয়ারে গিয়েও বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন তাঁরা। কীভাবে জলপাইগুড়িতে দল চলছে, সবটাই জানান শমীক ভট্টাচার্যকে। এরপরই দলের বিক্ষুব্ধ কর্মীদের আজ বিকেলে ময়নাগুড়িতে সভায় যোগ দিতে বলেন বিজেপির রাজ্য সভাপতি।
এনিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেন, আমরা দীর্ঘদিনের বিজেপি কর্মী। কিন্তু আমাদের কার্যত সাইড লাইনে রেখে এখন জেলায় দল চলছে। দলের কোনও কর্মসূচিতে আমরা ডাক পাচ্ছি না। এমনকী আজ বিকেলে ময়নাগুড়িতে দলের রাজ্য সভাপতির উপস্থিতিতে যে সভার ডাক দেওয়া হয়েছে, সেখানেও ডাকা হয়নি আমাদের। আলিপুরদুয়ারে রাজ্য সভাপতির সঙ্গে দেখা করে সেটাই জানাই তাঁকে। জলপাইগুড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে যেভাবে দলেরই কর্মীকে লাথি মারার অভিযোগ উঠছে, তৃণমূল নেতার গাড়িতে রাতের অন্ধকারে বিজেপি নেত্রীর মদ্যপানের ভিডিও ভাইরাল হচ্ছে, সবটাই শমীকবাবুকে জানানো হয়েছে।
এদিন ময়নাগুড়িতে যে সভা রয়েছে, সেখানে দলের বুথ, মণ্ডল ও জেলাস্তরে যাঁরা দায়িত্বে রয়েছেন, শুধুমাত্র তাঁদের হাজির থাকার জন্য জেলা সভাপতি বিজ্ঞপ্তি দিয়েছেন। একবারের জন্যও পুরনো দিনের কর্মী কিংবা দলের প্রাক্তন পদাধিকারীদের কথা উল্লেখ করা হয়নি, এটাও বলা হয়েছে রাজ্য সভাপতিকে। সব শুনে তিনি আমাদের ময়নাগুড়ির সভায় যোগ দিতে বলেছেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সম্পাদক অলোক সেন।