ভারত- ১ : সিঙ্গাপুর- ২
(ছাংতে) (সং-২)
ভারত- ১ : সিঙ্গাপুর- ২
(ছাংতে) (সং-২)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোচ আসে, কোচ যায়। ভারতীয় ফুটবলের করুণ চিত্রে কোনও পরিবর্তন আসে না। অভিষেকে কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করে প্রত্যাশার যে ফানুস উড়িয়েছিলেন খালিদ জামিল, তা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বিদায়ের মধ্যেই চুপসে গেল। মঙ্গলবার ঘরের মাঠে ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ পিছিয়ে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে লিড নিয়েও ১-২ গোলে বশ মানে ভারত। আর এই হারের পরই আরও একবার মাথা চাড়া দিল সেই এক প্রশ্ন, ৪১ বছরের সুনীলকে ফিরিয়ে সত্যিই কি এগবে ভারতীয় ফুটবল?
মূলপর্বে যোগ্যতা অর্জনের দৌড়ে টিকে থাকতে মঙ্গলবার জয় ছাড়া কোনও বিকল্প ছিল না ভারতের সামনে। সেই কথা মাথায় রেখে আক্রমণাত্মক দল সাজান কোচ খালিদ। ১৪ মিনিটে কাঙ্ক্ষিত লিড। প্রায় ৩০ গজ দূর থেকে ডানপায়ের দূরপাল্লার শটে জাঁল কাঁপান ছাংতে (১-০)। এরপর বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো সুযোগ নষ্ট করলেন লিস্টন-মহেশরা। না হলে প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে ফেলত ভারত। পক্ষান্তরে, গতির বিপরীতে ৪৪ মিনিটে সিঙ্গাপুরকে সমতায় ফেরান সং উই-ইয়ং (১-১)।
দ্বিতীয়ার্ধে অতি-আক্রমণাত্মক ফুটবলের খেসারত দিতে হয় ভারতকে। ৫৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলে সিঙ্গাপুরকে এগিয়ে দেন সং (২-১)। দেওয়ালে পিঠ ঠেকে খালিদ ব্রিগেডের। ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় কোচ জোড়া পরিবর্তন আনেন। ৭৩ মিনিটে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ভারত। দল পিছিয়ে থাকা সত্ত্বেও কেন ৭৮ মিনিট পর্যন্ত সুনীলকে মাঠে রাখলেন খালিদ, তা একমাত্র তিনিই বলতে পারবেন। উদান্তা-রহিমকে এনে শেষ চেষ্টা করলেও, লাভের লাভ হয়নি।
ভারত: গুরপ্রীত, ভালপুইয়া, আনোয়ার, রাহুল, শুভাশিস, আপুইয়া, নিখিল (সাহাল), ছাংতে (ব্রেন্ডন), মহেশ (ফারুখ), লিস্টন (উদান্তা) ও সুনীল (রহিম)।