ভুবনেশ্বর: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। বৃহস্পতিবার সম্বলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হল সম্বলপুর-শালিমার মহিমা গোসাঁই এক্সপ্রেস। এদিন সকাল সাড়ে ৯টা দুর্ঘটনা ঘটে। গার্ড ভ্যানের পরের কামরাটি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। তবে সেসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়। কোনও যাত্রীর হতাহত হননি।
ইস্ট কোস্ট রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ৯টা ১৮ নাগাদ সম্বলপুর সিটি স্টেশন থেকে ছাড়ে মহিমা গোসাঁই এক্সপ্রেস। সে সময় ট্রেনের গতি খুব কম ছিল। এর কয়েক মিনিট পরেই দুর্ঘটনার খবর পাওয়া যায়। লাইনচ্যুত হয় একটি জেনারেল কামরার চাকা। তীব্র ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। যার ফলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লাইনচ্যুত কামরা থেকে যাত্রীদের নামিয়ে অন্য কামরায় তোলা হয়। তার পর ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করানো হয়। এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।