ফের ‘ডন’ রূপে ফিরবেন শাহরুখ খান? ইন্ডাস্ট্রিজুড়ে এই জল্পনা তুঙ্গে। ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ তৈরির কাজ চলছে। তবে বারংবার সমস্যায় পড়েছে ছবিটি। আগে চূড়ান্ত হয়েছিল পর্দায় ‘ডন’ রূপে দেখা যাবে রণবীর সিংকে। তবে ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর তিনি এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ব্যস্ত রয়েছেন ‘প্রলয়’ ছবির কাজে। এই আবহে শোনা গিয়েছিল, হৃতিক রোশনের কাছে প্রস্তাব গিয়েছে। তবে ‘কৃষ ৪’ ছবিতে অভিনয় ও পরিচালনা নিয়ে ব্যস্ত থাকায় তিনিও নাকি রাজি হননি পর্দায় ‘ডন’ হতে। তাই নির্মাতারা ফের শাহরুখের দ্বারস্থ হয়েছেন। শাহরুখ নাকি প্রাথমিকভাবে রাজি। তবে একটি শর্ত চাপিয়েছেন তিনি। জানিয়েছেন, ছবির টিমে অ্যাটলিকে চান তিনি। পরিচালক হিসেবে নাকি অন্য কোনও বিভাগে তা অবশ্য খোলসা করা হয়নি। ২০২৩ সালে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির হাত ধরে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ। সেই চরিত্রের জন্য প্রথমবার জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি। ফলে অ্যাটলিকে সম্ভবত পরিচালক হিসেবেই চাইছেন তিনি। যদিও ফারহান এই শর্ত মানবেন কি না, তা স্পষ্ট নয়।



