নিজস্ব প্রতিনিধি, তমলুক: গোষ্ঠীকোন্দল মোকাবিলায় শহিদ মাতঙ্গিনী ব্লকের দলীয় নেতৃত্বকে নিয়ে ম্যারাথন বৈঠক করলেন জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়। রবিবার রাতে তমলুক শহরে বিধায়ক কার্যালয়ে ওই বৈঠক হয়। সেখানে ব্লক সভাপতি বিভাস কর, জেলা সহ সভাপতি শরৎ মেট্যা, বিজেপি থেকে আসা পঞ্চায়েত সমিতির সভানেত্রী সঙ্গীতা আদক মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনি জানা প্রমুখ উপস্থিত ছিলেন। ২০২৪ সালে লোকসভা ভোটের মুখে বিজেপি থেকে আসা বিভাস করকে নতুন ব্লক সভাপতি করার পর ওই ব্লকে দলের মধ্যে ফাটল তৈরি হয়। বিজয়া সম্মিলনিতে সেটা আরও প্রকট হয়। এরপরই সেই দ্বন্দ্ব মোকাবিলা করার জন্য জেলা সভাপতি তৎপর হয়ে ওঠেন। তিনি ব্লকের প্রথম সারির নেতৃত্বকে নিয়ে আলোচনায় বসেন।
জানা গিয়েছে, ব্লক সভাপতির বিপক্ষ শিবির থেকে তিনটি দাবি মিটিংয়ে রাখা হয়। প্রথমত, জেলা পরিষদ আসন ভিত্তিক সংগঠনের দায়িত্ব একজনকে দিতে হবে। ওই ব্লকে তিনটি জেলা পরিষদ সিট। তিনটি আসনে তিনজনকে দায়িত্ব দিতে হবে। দ্বিতীয়ত, ব্লকে কোর কমিটি গড়ে দিতে হবে। ব্লক সভাপতি থাকা সত্ত্বেও কাজের সুবিধার জন্য কোর কমিটি থাকবে। তৃতীয়ত, পঞ্চায়েত সমিতির কাজকর্ম দেখভালের জন্য দলীয় নেতাদের নিয়ে পৃথক একটি কমিটি গড়তে হবে। ওই ব্লকের নেতা জয়দেব বর্মন বলেন, আমরা জেলা সভাপতির কাছে তিনটি দাবি পেশ করেছি। আগামী দিনে এই তিনটি দাবি মেনে নেওয়া হবে বলে জেলা সভাপতি জানিয়েছেন।
সুজিতবাবু বলেন, ব্লকে দলীয় নেতৃত্বের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। প্রত্যেকে একসঙ্গে চলার বিষয়ে অঙ্গীকার করেছেন। রেষারেষি দূরে সরিয়ে রেখে সোমবার পঞ্চায়েত সমিতির আমাদের সকল সদস্য সভানেত্রীর কাছে গিয়েছিলেন।