বিশাখাপত্তনম: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দাপট অব্যাহত ভারতের মহিলা দলের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-২০’তেও সহজ জয় তুলে নিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার বিশাখাপত্তনমে সফরকারী দলকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিলেন হরমনপ্রীত কাউররা। টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ১২৮। জবাবে ১১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছয় ভারতীয় দল (১২৯/৩)। সৌজন্যে শেফালি ভার্মার ঝোড়ো ব্যাটিং। ১১টি চার ও একটি ছক্কা সহ ৩৪ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস উপহার দেন তিনি। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এখন ভারত ২-০ ব্যবধানে এগিয়ে।
আক্রমণাত্মক শুরু করেছিল ভারতের ওপেনিং জুটি। প্রথম উইকেটে ওঠে ২৯। স্মৃতি মান্ধানা ১১ বলে ১৪ করেন। অন্যপ্রান্তে শেফালি রীতিমতো ঝড় তোলেন। তাঁর পঞ্চাশ আসে মাত্র ২৭ বলে। কিছুদিন আগে দেশের মাটিতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন না তিনি। ওপেনার প্রতীকা রাওয়াল চোট পাওয়ায় সুযোগ পান। ফাইনালে তিনিই তফাত গড়ে দেন। তখন থেকেই দুরন্ত ফর্মে তারকা ব্যাটার। শেফালিকে যোগ্য সঙ্গত করেন জেমাইমা রডরিগেজও। চারটি চার ও একটি ছক্কা সহ ১৫ বলে ২৬ রান করেন তিনি। ক্যাপ্টেন হরমনপ্রীত (১০) অবশ্য ব্যর্থ। রিচা ঘোষকে (অপরাজিত ১) সঙ্গে নিয়ে দলকে জয়ের কড়ি এনে দেন শেফালি।
টস হেরে ব্যাট করতে নেমে ২ রানেই প্রথম উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। ভিস্মি গুনরত্নেকে (১) ফেরান ক্রান্তি গৌড়। অন্য ওপেনার চামিরি আতাপাতু ২৪ বলে করেন ৩১। স্নেহ রানার শিকার তিনি। তিনে নামা পেরেরার সংগ্রহ ২২। চারে হার্ষিতা ৩৩ রানের ইনিংস উপহার দেন। তখন মনে হচ্ছিল দেড়শোর বেশি রান তুলবে শ্রীলঙ্কা। তবে এই দু’জন আউট হতেই চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্রের দেশটি। শেষপর্যন্ত ১২৮ রানে থামে তারা। ভারতের বৈষ্ণবী এবং শ্রীচরণী দু’টি করে উইকেট নেন।
এদিকে, সদ্যপ্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে বড় চমক দীপ্তি শর্মার। টি-২০ মহিলা বোলারদের র্যাঙ্কিংয়ে কেরিয়ারে প্রথমবার শীর্ষস্থানে উঠে এলেন তারকা স্পিন অলরাউন্ডার। তবে ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধানাকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।