Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে যৌন নির্যাতন, ধৃত ১

সোশ্যাল মিডিয়ায় পরিচয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হেমতাবাদ এলাকার এক নাবালিকাকে অপহরণ করে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ উঠল।

নাবালিকাকে যৌন নির্যাতন, ধৃত ১
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হেমতাবাদ এলাকার এক নাবালিকাকে অপহরণ করে লাগাতার যৌন হেনস্তার অভিযোগ উঠল। বাড়িতে জানালে গোপন ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। মঙ্গলবার রাতে রায়গঞ্জের গুলগুলি মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিস। ধৃত যুবকের নাম সাজিমদ্দিন মহম্মদ (২০)। বাড়ি রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায়। 

Advertisement

নাবালিকার পরিবার ও পুলিস সুত্রে জানা গিয়েছে, গত জুলাইয়ের ২৩ তারিখ ওই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হেমতাবাদ বাজার এলাকা থেকে বাইকে করে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। সে নাবালিকাকে বাড়িতে আটকে রেখেই লাগাতার যৌন হেনস্তা করে। সেই সময় নাবালিকার ভিডিও ও ছবি মোবাইলে তুলে রাখে অভিযুক্ত। গত ৪ আগস্ট নাবালিকাকে হেমতাবাদ বাজার এলাকায় ফেলে পালিয়ে যায় সে। নাবালিকা বাড়ি ফিরে পরিবারকে সমস্ত বিষয় জানালে পুলিসে লিখিত অভিযোগ করেন বাবা।  তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল মেয়ের। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছিল ওই যুবক। বাড়ি ফেরার পর মেয়ে জানিয়েছে ঘরে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়েছে। বাড়িতে কিছু জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকিও দেয় সে। নিরুপায় হয়ে পুলিসের দ্বারস্থ হয়েছি। 
হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, অভিযোগ পেয়েই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
অভিযুক্ত যুবকের দাবি, ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ 
করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ