Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সঙ্কোশ নদীতে ভয়াবহ ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কা বাসিন্দাদের

কথায় আছে, নদীর পাড়ে বাস দুঃখ বারো মাস। সেটা যে কতটা সত্যি, তা প্রতি মুহূর্তে টের পাচ্ছেন তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের ছিট বড় লাউকুঠির বাসিন্দারা।

সঙ্কোশ নদীতে ভয়াবহ ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কা বাসিন্দাদের
  • ২৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: কথায় আছে, নদীর পাড়ে বাস দুঃখ বারো মাস। সেটা যে কতটা সত্যি, তা প্রতি মুহূর্তে টের পাচ্ছেন তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের ছিট বড় লাউকুঠির বাসিন্দারা। নতুন করে সঙ্কোশ নদীর প্রায় এক হাজার দু’শো মিটার অংশে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ভাঙনের জেরে ভিটেমাটি হারানোর আশঙ্কায় চিন্তায় ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। দুর্গত গ্রামবাসীদের অভিযোগ, নদী ভাঙন সমস্যা নিয়ে বিডিও অফিস থেকে সেচদপ্তরে বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি। যদিও সেচদপ্তর শীঘ্রই ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের অসম সংলগ্ন ছিট বড় লাউকুঠি গ্রামে দু’হাজার মানুষের বসবাস। এলাকার বেশিরভাগ বাসিন্দা কৃষিকাজের সঙ্গে যুক্ত। গত কয়েক বছর ধরে চলা নদী ভাঙনে বিঘার পর বিঘা আবাদি জমি, বেশকিছু বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ভাঙন ঠেকাতে অবিলম্বে বাঁধের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। 
ভুক্তভোগী বাসিন্দা শাহানুর শেখ বলেন, শুধু বর্ষাকালে নয়, শুখা মরশুমেও মাঝেমধ্যে ভাঙন হয়। ১৫ বছর ধরে নদী ভাঙন চরম আকার ধারণ করেছে। অসংখ্য বাড়ি, চাষের জমি নদীতে তলিয়ে গিয়েছে। অনেকেই আবার ভিটেমাটি হারানোর আশঙ্কায় বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। 
অপর এক বাসিন্দা আব্দুল হাকিম শেখ বলেন, প্রশাসনিক অধিকারিক, সেচদপ্তরের ইঞ্জিনিয়াররা গ্রামে ঘুরে গিয়েছেন। অথচ বর্ষা চলে এলেও ভাঙন রোধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শীঘ্রই বাঁধ না হলে বাকি সম্বলটুকু নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন পরিবার নিয়ে পথে বসা ছাড়া উপায় থাকবে না। 
তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শীতলচন্দ্র দাস বলেন, সেচদপ্তরকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব, কাজ শুরুর আশ্বাস দিয়েছে। এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা সেচদপ্তরের আধিকারিক সৌরভ সেনের মন্তব্য, জরুরি ভিত্তিতে কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ