Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে পোড়ামাতলায় তালা ভেঙে কয়েকটি দোকানে চুরি

রবিবার শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় কয়েকটি স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

নবদ্বীপে পোড়ামাতলায় তালা ভেঙে কয়েকটি দোকানে চুরি
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল নবদ্বীপ শহরে। রবিবার শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় কয়েকটি স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এদিন সকালে পোড়ামাতলার ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন, পাঁচটি দোকানের তালা ভাঙা। দু’টি দোকানের ক্যাশ বাক্স থেকে চুরি গিয়েছে নগদ বেশ কয়েক হাজার টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিস চুরির ঘটনার তদন্ত করে। এর আগে মন্দির, গৃহস্থের বাড়ি ও মাইকের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। তার কিনারা হয়নি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisement

পোড়ামাতলায় শতাধিক ছোটখাট স্টেশনারি, শাঁখা, ব্যাগ, বিগ্রহের পোশাকের দোকান রয়েছে। পুজোর আগে দোকানদাররা বেশি করে মালপত্র তুলেছেন।  কয়েকটি দোকানে শাটার লাগানো থাকলেও অধিকাংশ দোকানেই কোনও শাটার নেই। এই পোড়ামাতলায় পোড়ামা মন্দির ছাড়াও রয়েছে ভবতারিণী ও ভবতারণ শিবমন্দির। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভিড় করেন পুণ্যার্থীরা।
পোড়ামাতলার স্টেশনারি দোকানের মালিক সুমিতকুমার সাহা বলেন, শনিবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। রবিবার সকাল সাড়ে ১০টার সময় দোকান খুলতে এসে দেখি, একদিকের ঝাঁপের তালা ভাঙা। দুষ্কৃতীরা দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ আট থেকে ন’হাজার টাকা নিয়ে গিয়েছে। 
আর এক ব্যবসায়ী আশিস দেবনাথ বলেন, সকাল সাড়ে ৮টা নাগাদ দোকানে আসি। আমার দোকানের সামনের দু’টি তালা ভেঙেছে। অবশ্য দোকান থেকে কিছু নিতে পারেনি। 
আর এক স্টেশনারি দোকানদার লোকনাথ সাহা বলেন, সকাল ৮টা নাগাদ দোকানে এসে দেখি দু’টি তালা ভাঙা, শোকেস খোলা, ক্যাশ বাক্সে টাকা পয়সা নেই। মহাজনকে দেব বলে ২০ হাজার টাকা রেখেছিলাম। প্রতি সপ্তাহে কলকাতার মহাজনকে পেমেন্ট করতে হয়। পাশেই আমাদের দাদা ও একটি দোকান রয়েছে। ও. দু’টি দোকানের তালা ভাঙলেও ভিতরে ঢুকতে পারেনি।
পোড়ামাতলা ব্যবসায়ী সমিতির সম্পাদক বলাই গোস্বামী বলেন, এদিন সকালে ঘটনাস্থলে এসে দেখি শিবমন্দির সংলগ্ন পরপর তিনটি দোকানের তালা ভাঙা। একটি দোকান থেকে আনুমানিক ২০ হাজার, আর একটা দোকান থেকে ৮-৯ হাজার টাকা চুরি হয়েছে। 
অন্যদিকে, মায়াপুরে রথের সময় শিশুর হাতের সোনার বালা চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। শনিবার সন্ধ্যায় মায়াপুরের বামুনপুকুর বাজার এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মহিদুল শেখ। বাড়ি বামুনপুকুর সরডাঙা নজরুল পল্লিতে। উল্টোরথের দিন ভিড়ের মধ্যে এক শিশুর হাতের সোনার বালা চুরি গিয়েছিল। যদিও চুরি যাওয়া বালা উদ্ধার হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ