নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডানকুনি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে মঙ্গলবার অভিযান চালিয়ে সাতজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তির ফটো দেখিয়ে তার খোঁজ শুরু করেছিল পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে হানা দিলে সেখান থেকে ওই ব্যক্তি ও তার সাগরেদদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট সাইবার প্রতারণার মামলায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রচুর ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা শাখা একটি নতুন সাইবার প্রতারণা গ্যাংয়ের হদিশ পেয়েছে। সেই দলের ২১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এদিনের অভিযানের যোগ আছে কি না, তা স্পষ্ট হয়নি।



