Bartaman Logo
৩ জুন, ২০২৬

বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বর সহ একই পরিবারের আট সদস্যের

বিয়ে করতে যাচ্ছিলেন। মাঝপথেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বরের। একই সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর পরিবারের আরও সাতজনের

বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বর সহ একই পরিবারের আট সদস্যের
  • ৫ জুলাই, ২০২৫ ২০:০৭

সম্ভল, ৫ জুলাই: বিয়ে করতে যাচ্ছিলেন। মাঝপথেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বরের। একই সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর পরিবারের আরও সাতজনের। যার ফলে বিয়ের অনুষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সম্ভলের হরগোবিন্দপুর থেকে বদায়ুঁ জেলার সিরতৌলে বিয়ে করতে যাচ্ছিলেন সুরজ। তাঁর গাড়িতেই ছিল পরিবারের আরও নয় সদস্য। মাঝপথে জেওয়ানাই গ্রামে আজ, শনিবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। ওই গ্রামের একটি কলেজের পাঁচিলে সজোরে ধাক্কা মারে বরের গাড়টি। যার ফলে পাল্টি খেয়ে যায় সেটি। দুর্ঘটনাটি দেখে উদ্ধারকাজের জন্য ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিসে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।

Advertisement

গুরুতর জখম অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। যার মধ্যে চিকিৎসা চলাকালীন তিনজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে আলিগড়ে একটি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। যদিও তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। মৃত বরের নাম সুরজ(২৪)। পুলিস জানিয়েছে এই দুর্ঘটনায় দুই শিশুরও মৃত্যু হয়েছে। সূত্রের খবর, সুরজদের গাড়ির গতি বেশি ছিল। গতি বেশি থাকার কারণে মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। তখনই কলেজের পাঁচিলে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

সম্পর্কিত সংবাদ