গান্ধীনগর, ২৫ অক্টোবর: গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল মোবাইল ফোন-সহ প্রায় ৪ লক্ষ টাকার নানান সামগ্রী। কিন্তু অভিযোগ, সেই পার্সেলই গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার বদলে সরিয়ে ফেলেছিলেন এক ডেলিভারি কর্মী। প্রায় ১৫ দিন আগে চুরি করা সেই সামগ্রী বিক্রির চেষ্টা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়লেন ২৬ বছরের এক যুবক। গুজরাটের ভাবনগর জেলায় ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ লক্ষ ৬০ হাজার টাকারও বেশি মূল্যের মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ঋত্বিক মাকওয়ানা। তিনি গুজরাতের সুরাত জেলায় ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। গত ২৩ অক্টোবর ভাবনগরের মতিবাগ রোডে গঙ্গাজলিয়া লেকের বাঁধের কাছে একটি রাস্তার ধারে মোবাইল ফোন-সহ বিভিন্ন সামগ্রী বিক্রির চেষ্টা করছিলেন তিনি। ভাবনগর লোকাল ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। পুলিশের দাবি, ঋত্বিকের কাছে থাকা সামগ্রীগুলির বৈধতা প্রমাণের জন্য বিল বা প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনও নথি দেখাতে পারেননি। ফলে সেগুলিকে চোরাই সম্পত্তি হিসেবে বাজেয়াপ্ত করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জেরায় অভিযুক্ত পার্সেল চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তদন্তকারীদের বক্তব্য, ডেলিভারির জন্য মোবাইল ফোন ও অন্যান্য দামি পণ্য ভর্তি ব্যাগ হাতে পাওয়ার পর সেগুলি গ্রাহকদের কাছে পৌঁছে না দিয়ে বা সংস্থায় ফেরত না দিয়ে সরিয়ে ফেলেন ওই যুবক। অভিযুক্তের কাছ থেকে মোট ৪ লক্ষ ৬০ হাজার ৫১২ টাকা মূল্যের সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ১৩টি মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, একটি স্মার্টওয়াচ, হাতঘড়ি, পারফিউম, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, পোশাক এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের সরঞ্জাম।



