জেএনইউয়ের দেওয়ালে ‘ফ্রি উমর খালিদ’, ‘লং লিভ নকশালবাড়ি’ স্লোগান, পালটা তোপ এবিভিপির
  • ২৫ অক্টোবর, ২০২৬ ১১:২৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২৫ অক্টোবর: ছাত্ররাজনীতি ঘিরে ফের উত্তেজনা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘ফ্রি উমর খালিদ’ এবং ‘নকশালবাড়ি দীর্ঘজীবী হোক’ লেখাকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে এবার সরব হয়েছে এবিভিপি। তাদের অভিযোগ, এই ধরনের রাজনৈতিক স্লোগান এবং আপত্তিকর দেওয়াললিখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শান্তি বিঘ্নিত করছে। অবিলম্বে সেগুলি মুছে ফেলতে হবে। 

Advertisement

এবিভিপির দাবি, আইসা-র সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাও উমর খালিদের সমর্থনে স্লোগান তুলেছেন। বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে ক্যাম্পাসের পরিবেশ বিষিয়ে তোলার অভিযোগ এনেছে সংগঠনটি। পাশাপাশি, হিন্দুত্ববাদী মতাদর্শের প্রবক্তা ভিডি সাভারকরের প্রতিকৃতির পাশে আপত্তিকর মন্তব্য লেখার অভিযোগও তুলেছে তারা। এবিভিপির জেএনইউ ইউনিটের সভাপতি ময়ঙ্ক পাঞ্চালের বক্তব্য, 'মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে জাতীয় ব্যক্তিত্বদের অপমান করা যায় না। সাভারকরের প্রতিকৃতির পাশে আপত্তিকর মন্তব্য লেখা কিংবা দেওয়ালে উগ্র রাজনৈতিক স্লোগান দেওয়াকে মতপ্রকাশের স্বাধীনতা বলে চালানো যায় না বলেও দাবি করেছেন তিনি'।

উমর খালিদকে ঘিরেও নতুন করে রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। জেএনইউয়ের প্রাক্তন গবেষক ও বামপন্থী কর্মী খালিদকে ২০২০ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এ গ্রেপ্তার করা হয়। দিল্লির দাঙ্গা-সংক্রান্ত ষড়যন্ত্রের মামলায় বিচার শুরুর অপেক্ষায় তিনি এখনও জেলবন্দি। অন্যদিকে, দিল্লিরই জামিয়া মিলিয়া ইসলামিয়াতেও সম্প্রতি দেওয়ালে জম্মু ও কাশ্মীর-সংক্রান্ত স্লোগান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছাত্র সংসদের নির্বাচন পুনরায় চালুর দাবিতে চলা আন্দোলনের মধ্যেই এই স্লোগানগুলি সামনে আসে।