সংবাদদাতা, বজবজ: দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যে বিজেপি সরকারের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং পুজালির রাজীবপুর কংক্রিটের জেটিঘাটের উদ্বোধন করেছেন। তবে তার সাতদিন পরে এখনও সেই ঘাটে কোনো ভেসেল চালু হয়নি। স্বাভাবিকভাবেই যাত্রীরা প্রশ্ন তুলেছেন, ভেসেল চালু না করে শুধু জেটিঘাট উদ্বোধন করে লাভ কী হল? সেই আগেকার মতোই জীবনের ঝুঁকি নিয়ে ভুটভুটিতে রাজীবঘাট থেকে উলুবেড়িয়া যাতায়াত করতে হচ্ছে। এনিয়ে বিজেপির স্থানীয় এবং জেলা নেতৃত্বকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে রোজ।
বিজেপির পুজালির এক মণ্ডল সভাপতি গৌতম পাত্র বলেন, তৃণমূল আমলে এটি তৈরি করে ফেলে রেখেছিল। আমাদের সরকার আসার পর এর উদ্বোধন হয়েছে। এটা ভাল উদ্যোগ। তবে পরিবহণ মন্ত্রী ঘোষণা করেছিলেন, ভেসেল দেওয়া হবে, যাতে নিরাপদে মানুষ যাতায়াত করতে পারে। যদিও তা এখনও চালু হয়নি। ফলে এলাকার বাসিন্দারা আমাদের দেখলেই সমালোচনা করছেন। এনিয়ে দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে তিনি বিষয়টি মন্ত্রীর নজরে আনেন।
বিজেপির জেলা সভাপতি বলেন, মন্ত্রীর সঙ্গে যোগযোগ করে বিষয়টি বলা হয়েছে। পরিবহণ মন্ত্রী বলেছেন, রাজীবঘাট সহ মোট ১০টি জেটিঘাটের জন্য ২০টি ভেসেলের অর্ডার দেওয়া হয়েছে। তা হাতে এলেই চালু হয়ে যাবে। স্থানীয় যাত্রীরাও চাইছেন, যাতে দ্রুত পুজালির রাজীবঘাট থেকে উলুবেড়িয়া পর্যন্ত ভুটভুটির পরিবর্তে ভেসেল চালু হয়। নিজস্ব চিত্র