নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের বাসিন্দা বিকাশ ব্রহ্ম ক্যান্সারে আক্রান্ত। তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হয়। শুক্রবার তিনি দুর্গাপুরের বেনাচিতি পোস্টঅফিসে টাকা তুলতে এসেছিলেন। কেমোথেরাপি নিতে টাকার প্রয়োজন। সেই জন্য দিদিকে সঙ্গে নিয়ে এসেছিলেন। কিন্তু, টাকা পাননি। এর আগে ওই পোস্টঅফিসে টাকা তুলতে এসে তাঁকে টাকা ছাড়াই বাড়ি ফিরতে হয়েছিল। কারণ সেদিন তাঁকে বলা হয়েছিল, প্রযুক্তিগত কারণে এই পোস্টঅফিসের সব পরিষেবা বন্ধ আছে। শনিবার তিনি আবার টাকা তুলতে আসেন। এদিনও পোস্টঅফিস কর্তৃপক্ষ একই উত্তর দেয়। কিন্তু, কেমোথেরাপি না নিলে শরীর আরও ভেঙে পড়বে। তাই বাধ্য হয়ে তাঁর পোস্টাল এজেন্ট সুশান্ত সাধু তাঁকে নিয়ে যান বিজোন পোস্টঅফিসে। সেখান থেকেই তিনি টাকা তোলেন।
শুধু বিকাশবাবু নয়, বহু গ্রাহক একইভাবে হেনস্তার শিকার হচ্ছেন। বেনাচিতি পোস্টঅফিসের গ্রাহক সংখ্যা বহু। বাজারের মধ্যে থাকায় অনেক ব্যবসায়ীও এই পোস্টঅফিসের গ্রাহক। এছাড়াও অনেক বয়স্ক গ্রাহক রয়েছেন। শুক্রবার থেকে পরিষেবা বন্ধ থাকায় সমস্যা বেড়েছে। সুশান্তবাবু বলেন, তাঁর চিকিৎসার জন্য টাকার খুবই প্রয়োজন ছিল। তাই বাধ্য হয়ে বি জোন পোস্ট অফিসে গিয়ে টাকা তুলিয়েছি।
গ্রাহকদের ভোগান্তি নিয়ে পোস্টাল বিভাগের দাবিও চাঞ্চল্যকর। এখানকার পোস্টমাস্টার শুক্রবার থেকে ছুটিতে আছেন। তাঁর কাছ থেকে অন্য একজন আধিকারিক অস্থায়ীভাবে পোস্ট মাস্টারের চার্জ নিয়েছেন। ছুটিতে থাকা পোস্টমাস্টারের পাসওয়ার্ডেই অফিসে সব কাজকর্ম হয়। তাই এখন তা বন্ধ হয়ে গিয়েছে। ভারপ্রাপ্ত পোস্টমাস্টারের কাছে নতুন পাসওয়ার্ড আসেনি। যার জেরে ব্রাঞ্চের সম্পূর্ণ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এবিষয়ে আসানসোল পোস্টাল ডিভিশনের এক আধিকারিক বলেন, পাসওয়ার্ড না আসায় সমস্যা হচ্ছে। আমরা দ্রুত পাসওয়ার্ড পাওয়ার চেষ্টা করছি।
ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, শুধু বেনাচিতির ঘটনা নয়, এই পাসওয়ার্ড সমস্যার জেরে বহু পোস্ট অফিসের গ্রাহক নাকাল হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ, বৃদ্ধা ও অসুস্থরা সমস্যায় পড়ছেন। ডিজিটাল ইন্ডিয়ার যুগে কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রকের সামান্য পাসওয়ার্ড তৈরি করতে এত গড়িমসিতে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা।
ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক অমলকুমার দেব ও সভাপতি গৌরীশঙ্কর মুখোপাধ্যায় বলেন, এজেন্টদের কমিশন থেকে বঞ্চিত করা হচ্ছে। গ্রাহকদেরও চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সময়ে তাঁরা আমাদের উপর রাগ দেখাচ্ছেন।